হাসিনা নিজেই আসতে চান, তাহলে প্রত্যর্পণে ভারতের সমস্যা কোথায়
বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি নিজেই দেশে ফিরতে চান, সেক্ষেত্রে তাকে ফেরত পাঠাতে ভারত সরকারের কোনো সমস্যা থাকা উচিত নয় বলেই মনে করছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে কথা বলেন।
শেখ হাসিনা পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন কি না এবং তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান কী— এমন প্রশ্নে তথ্য উপদেষ্টা বলেন, ব্যাপারটা এরকম, আমরা চাই উনাকে প্রত্যর্পণ করা হোক। উনাকে ধরে আনতে চাই, উনাকে ধরে আনাই উচিত। প্রত্যর্পণের উদ্যোগ নেওয়া হলে শেখ হাসিনা যে আদালতের আশ্রয় নিতে পারতেন, সে কথা তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, 'এখন উনি তো নিজেই আসতে চান, তার মানে উনার কোর্টে যাওয়ার দরকার নেই।' প্রত্যর্পণ নিয়ে আইনি জটিলতার কোনো কারণ দেখছেন না জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, প্রত্যর্পণ নিয়ে প্রসেসের কথা বলা হয়েছে, আইনি জটিলতার কথা বলা হয়েছে। আমি অন্তত সেটা দেখি না।
'ভারত সরকারের এই মুহূর্তে কোনো সমস্যা থাকার কথা না। কারণ, যাকে প্রত্যর্পণ করার কথা, তিনিই আসতে চান। সো, লিগ্যাল কোনো ইস্যু আছে বলে আমরা আসলে এখন আর মনে করি না।' শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের বিষয়ে একটি আইনি প্রতিষ্ঠানের চিঠি পাঠানোর প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, এটি আওয়ামী লীগের কোনো কৌশল হতে পারে। তবে শেখ হাসিনা নিজে এখনও আবেদন করেননি। ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন জানিয়েছিলেন শেখ হাসিনা। তিনি রয়টার্সকে বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান।
এ নিয়ে আলোচনার মধ্যে সোমবার সকালে এক প্রতিবেদনে রয়টার্স খবর দেয়, শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্স দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমানকে চিঠি দিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানিয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মুখপাত্র সাইদুর রহমান পরে বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি। ম্যাট্রিক্স চেম্বার্স নামক একটি প্রতিষ্ঠান থেকে আমরা একটি ই-মেইল পেয়েছি।
'সেই ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ এসেছে। আদৌ অনুরোধটি সঠিক কিনা-সেটি আমরা জানি না। এটি যে শেখ হাসিনার পক্ষে অনুরোধ, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ই-মেইলে শেখ হাসিনার অনুমোদন 'অথরাইজেশন' সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। তবে আমরা ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।" এভাবে ল ফার্ম দিয়ে চিঠি পাঠানো আওয়ামী লীগের কোনো কৌশল হতে পারে মন্তব্য করে জাহেদ উর রহমান বলেন, 'গতকাল আমরা দেখেছি, দিল্লিতে আমাদের প্রেস মিনিস্টার পরিষ্কারভাবে জানিয়েছেন, একটি ল' ফার্ম থেকে চিঠি পেয়েছেন। তারা বলেছে, তাকে (শেখ হাসিনা) পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু তিনি কোনো অ্যাপ্লিকেশন করেননি।'
উপদেষ্টা বলেন, ভারত সরকারও শেখ হাসিনার সেখানে অবস্থানের বিষয়টি স্বীকার করেছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার কূটনৈতিক চ্যানেলে একাধিকবার যোগাযোগ করেছে। 'উনি যে ওখানে গেছেন, উনি যাওয়ার সঙ্গে সঙ্গে ভারতের পার্লামেন্টে এটার কথা ভারতের পক্ষ থেকে বলা হয়েছে। তো উনি ওখানে আছেন, ইটস কনফার্ম এবং আমাদের কনভিকশন আছে, আর সেটা নিয়ে আমরা ফরমাল চ্যানেলে একাধিকবার তাকে চেয়েছি।'
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দিয়ে জাহেদ উর রহমান বলেন, তিনি কীভাবে ফিরবেন, সেই প্রক্রিয়া মেনেই তাকে দেশে আনা হবে। রাষ্ট্র হিসেবে প্রত্যর্পণ চাওয়ার অধিকার বাংলাদেশের রয়েছে। একই সঙ্গে প্রতিবেশী ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
'কনভিক্টেড আসামি, তিনি পালিয়ে আছেন। সুতরাং তাকে আমরা যে প্রসেসে পাওয়ার কথা, সেই প্রসেসেই পেতে চাই। সেই প্রসেসে এটা ম্যাটার করে। আমি শুধু কী করতে চাইছি তা নয়, কীভাবে করব, প্রসেসটা কীভাবে প্রতিপালিত হবে, সেটাই আমাদের কাছে প্রশ্ন।' অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে চলে যান। ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেয়।
বাংলাদেশ সরকার এর আগে তাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠালেও দিল্লি তাতে সাড়া দেয়নি।
সরকারের ভর্তুকি দেওয়ার সক্ষমতা 'প্রায় শেষ পর্যায়ে' বললেন উপদেষ্টা জাহেদ : সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি হচ্ছে বলে স্বীকার করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়, সরকার নির্ধারিত দামে বাজারে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। ক্ষেত্রবিশেষে ৫০০ থেকে ৬০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। একই সঙ্গে হঠাৎ চালের দামও বেড়েছে। নিত্যপণ্যের এমন মূল্যবৃদ্ধি সরকারের বাজার তদারকির ঘাটতি কি না?
জাহেদ উর রহমান বলেন, 'আমরা যে দামটাকে যৌক্তিক মনে করছি, এর চেয়েও কোনো কোনো জায়গায় বেশি দামে বিক্রি হচ্ছে। আমাদের সরবরাহের ক্ষেত্রে খানিকটা সমস্যা আছে। এটা আমি দায় এড়ানোর জন্য বলছি না।' এলপিজির দাম বাড়ানোর পক্ষে সরকারের যুক্তি তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, 'সরকার ভর্তুকি দিয়ে দাম কম রাখতে পারে। কিন্তু ভর্তুকি দেওয়ার সক্ষমতা প্রায় শেষ পর্যায়ে। এ অবস্থায় ভর্তুকি দিয়ে দাম কমিয়ে রাখলে শেষ পর্যন্ত তা জনগণের জন্য ক্ষতিকর হতে পারে। 'আমি বলেছিলাম, গ্যাসের দাম বাড়ালেও দীর্ঘমেয়াদি কল্যাণ আছে। যারা অর্থনীতির মৌলিকবিষয় বোঝেন, তারা বুঝবেন— সরকারের জন্য এই দাম কমানোর ক্ষেত্রে ভর্তুকির পরিমাণ প্রায় শেষ।' জাহেদ উর রহমান বলেন, "সরকার বিভিন্ন খাতে আগে যে পরিমাণ ভর্তুকি দিত, তা কমে এসেছে। এ কারণে সব ক্ষেত্রে ভর্তুকি দিয়ে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। "তবে সরকার নির্ধারিত দাম কার্যকর না হওয়া এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি হওয়া আলাদা সমস্যা। এ ক্ষেত্রে সরকারের পদক্ষেপ নেওয়া প্রয়োজন।" বাজার তদারকির কার্যকারিতা প্রসঙ্গে তিনি বলেন, কোনো পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হলে সরবরাহ ও মূল্য নির্ধারণে তার প্রভাব পড়ে। 'সরকার বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের চেষ্টা করছে। তবে বাজার অর্থনীতিতে শুধু মনিটরিং করে সব সময় কার্যকর ফল পাওয়া যায় না।'
চালের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের একটি কার্যকর উপায় হচ্ছে পণ্যের সরবরাহ বাড়ানো। এ জন্য চালের মজুত সক্ষমতা দ্বিগুণ করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর কাজ এরইমধ্যে শুরু হয়েছে। 'পর্যাপ্ত মজুত নিশ্চিত করে প্রয়োজনে বাজারে চাল সরবরাহ বাড়ানো হবে। পুলিশ পাঠিয়ে বাজার নিয়ন্ত্রণের চেয়ে সরবরাহ বাড়িয়ে বাজারে হস্তক্ষেপ করা বেশি কার্যকর। সরকার এ উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করছে।'
