হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই আসতে হবে
বললেন অ্যাটর্নি জেনারেল
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে আইন মেনেই আসতে হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, শেখ হাসিনা আপিল করতে পারবেন না এটা আবুল কালাম আজাদের মামলাতেই পরিষ্কার হয়েছে। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের সাজার বিরুদ্ধে শেখ হাসিনার আপিল দায়ের প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।
আইন সবার জন্যই সমান উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে আইন অত্যন্ত স্পষ্ট। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টে আপিল করতে গেলে তার কী পরিণতি হয়, তা অতীতে আবুল কালাম আজাদের মামলার ক্ষেত্রে আদালত দেখিয়েছেন। আইনে নির্ধারিত সময়ের পর আপিল দায়েরের কোনো সুযোগ নেই।
শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়ার ব্যাপারে অ্যাটর্নি জেনারেল বলেন, 'ইতোপূর্বে যারা এ বিষয়ে আইনি ব্যাখ্যা দিয়েছেন, তারা কেউই অপব্যাখ্যা দেননি। সবাই আইনের কথাই বলেছেন এবং সবাই এক সুরেই কথা বলেছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রের পক্ষে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বক্তব্য দিয়েছেন এবং ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্যও গণমাধ্যমে এসেছে। তিনি আরও বলেন, আমার মনে হয় যে এটা আইন এবং আন্তর্জাতিক বিষয় এবং সরকারের পক্ষ থেকে সেটা ব্যাখ্যা দেওয়া হয়েছে-এটা নিয়ে কোন ধূম্রজাল কিংবা অপব্যাখ্যা কিংবা
ভিন্নরকম ব্যাখ্যা দাঁড় করানোর সুযোগ নেই।'
