রাজধানীতে গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিমানবন্দর এলাকায় পাজারো জিপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন— মোবারক হোসেন রাজু ও ফরিদুল ইসলাম সরদার। তারা পেশায় নির্মাণশ্রমিক বলে জানা গেছে। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে বিমানবন্দর এলাকার স্কলাস্টিকা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর থানার এসআই মো. শফিকুল ইসলাম জানান, দুপুরে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন দুই ব্যক্তি।

স্কলাস্টিকা স্কুলের সামনে তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি পাজেরো জিপ। এতে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

পরে পথচারীরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এসআই জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘাতক জিপটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

নিহত দুজনই নির্মাণশ্রমিক। তাদের মধ্যে মোবারক গাজীপুর সদরের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে। ফরিদুল গাইবান্ধা সদরের মো. শহিদুল ইসলাম সরদারের ছেলে।