রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

বায়ুদূষণ, তীব্র যানজট, জলাবদ্ধতা ও অপরিকল্পিত নগরায়ণের চাপে ক্রমেই বসবাসের অনুপযোগী হয়ে উঠছে রাজধানী ঢাকা। এর সঙ্গে যুক্ত হয়েছে জনসংখ্যার অতিরিক্ত চাপ, যত্রতত্র বর্জ্য ফেলা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা। এমন বাস্তবতায় রাজধানীকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ জোরদার করেছে সরকার। এরই অংশ হিসেবে ঢাকা শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও দৃশ্যমান করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও তদারকির জন্য গঠিত কমিটির কাজের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী। গতকাল শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ পর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।
সভায় ঢাকা শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় গঠিত কমিটির সার্বিক কর্মকাণ্ড, এ পর্যন্ত গৃহীত উদ্যোগ এবং বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা হয়। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক ও কার্যকর করা, সড়ক, ফুটপাত এবং বিভিন্ন জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়। সভায় সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। রাজধানীর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিচ্ছিন্নভাবে নয়, বরং সমন্বিত পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে কাজ করার প্রয়োজনীয়তা উঠে আসে। নগরীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং গৃহীত উদ্যোগগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত পর্যালোচনার বিষয়টিও আলোচনায় স্থান পায়।
দীর্ঘদিন ধরেই রাজধানীর অন্যতম বড় নাগরিক সমস্যার নাম বর্জ্য ব্যবস্থাপনা। প্রতিদিন বিপুল পরিমাণ গৃহস্থালি ও বাণিজ্যিক বর্জ্য উৎপন্ন হলেও সেগুলো সংগ্রহ, পরিবহন ও যথাযথভাবে অপসারণের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা রয়েছে। অনেক এলাকায় নির্ধারিত স্থানের বাইরে বর্জ্য ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি সৃষ্টি হচ্ছে দুর্গন্ধ ও জনস্বাস্থ্যঝুঁকি। বর্ষা মৌসুমে নালা-নর্দমা ও পানি নিষ্কাশনের পথ বর্জ্যে আটকে গিয়ে জলাবদ্ধতার সমস্যাও প্রকট হয়ে ওঠে। ফলে পরিচ্ছন্নতা কার্যক্রমকে শুধু ময়লা-আবর্জনা অপসারণের মধ্যে সীমাবদ্ধ না রেখে সামগ্রিক নগর ব্যবস্থাপনার অংশ হিসেবে বিবেচনার প্রয়োজনীয়তা রয়েছে।
এ ছাড়া রাজধানীর সড়ক, ফুটপাত, পার্ক, খেলার মাঠসহ বিভিন্ন উন্মুক্ত জনপরিসরের পরিচ্ছন্নতা রক্ষাও বড় চ্যালেঞ্জ। এসব স্থানে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি নাগরিক সচেতনতা বাড়ানো জরুরি। একই সঙ্গে বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা, বর্জ্য সংগ্রহের কার্যকর ব্যবস্থা গড়ে তোলা এবং পরিবেশদূষণ রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করা প্রয়োজন।
নগর বিশেষজ্ঞদের মতে, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে শুধু নিয়মিত পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ বা সড়ক পরিষ্কার করাই যথেষ্ট নয়। প্রয়োজন পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, পর্যাপ্ত জনবল ও সরঞ্জাম, আধুনিক বর্জ্য সংগ্রহ ও অপসারণব্যবস্থা এবং সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়। পাশাপাশি নাগরিকদের অংশগ্রহণ ও সচেতনতা নিশ্চিত করা না গেলে দীর্ঘমেয়াদে পরিচ্ছন্নতা কার্যক্রমের কাঙ্ক্ষিত সুফল পাওয়া কঠিন।
এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভাকে রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়ন তদারকির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়ায় ঢাকা শহরের পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় কার্যকর পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে।
যানজট নির্মূলের উদ্যোগ
গণপরিবহনের মানোন্নয়ন: মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বিআরটি প্রকল্পের দ্রুত সম্প্রসারণ করা জরুরি। পাশাপাশি লক্কড়-ঝক্কড় ও ফিটনেসবিহীন বাস সরিয়ে আধুনিক ও নিরাপদ গণপরিবহন ব্যবস্থা চালু করতে হবে।
ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন: ডিজিটাল ও স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা কার্যকর করতে হবে। যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করা এবং ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর জরিমানার ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
ফুটপাত দখলমুক্ত করা: পথচারীদের নিরাপদ চলাচলের জন্য সকল ফুটপাত হকার ও অবৈধ দখলমুক্ত রাখতে হবে। এতে মানুষ পায়ে হেঁটে চলাচলে উৎসাহিত হবে এবং রাস্তার ওপর চাপ কমবে।
বিকেন্দ্রীকরণ: প্রশাসনিক ও বাণিজ্যিক গুরুত্বপূর্ণ অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান এবং কলকারখানা পর্যায়ক্রমে ঢাকার বাইরে স্থানান্তর করতে হবে।
জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ
খাল উদ্ধার ও খনন: ঢাকার হারিয়ে যাওয়া ও দখল হওয়া সকল খাল অবৈধ দখলমুক্ত করতে হবে। খালগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে নিয়মিত খনন ও বর্জ্য অপসারণ জরুরি।
ড্রেনেজ ব্যবস্থার সংস্কার: শহরের প্রতিটি এলাকার ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য আধুনিক পাম্পিং স্টেশন স্থাপন ও রক্ষণাবেক্ষণ করতে হবে।
জলাধার সংরক্ষণ: শহরের প্রাকৃতিক জলাধার, পুকুর এবং নিম্নাঞ্চল ভরাট সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। পানি ধারণক্ষমতা বাড়াতে পর্যাপ্ত জলাশয় সংরক্ষণ করা আবশ্যক।
পরিকল্পিত নগরায়ণ: ভবন নির্মাণের ক্ষেত্রে রাজউকের নিয়ম মেনে পর্যাপ্ত ফাঁকা জায়গা ও সবুজায়ন নিশ্চিত করতে হবে, যাতে বৃষ্টির পানি সহজেই মাটির নিচে প্রবেশ করতে পারে।
পরিচ্ছন্ন রাজধানী গড়ার উদ্যোগ
বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন: বাসাবাড়ি থেকে শুরু করে ডাম্পিং স্টেশন পর্যন্ত বর্জ্য সংগ্রহের পদ্ধতিকে আধুনিক ও বিজ্ঞানসম্মত করতে হবে। পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদাভাবে সংগ্রহের ব্যবস্থা চালু করা জরুরি।
বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদন: ল্যান্ডফিল বা ভাগাড়ের ওপর চাপ কমাতে বর্জ্য রিসাইক্লিং, জৈব সার এবং বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প বাস্তবায়ন করতে হবে।
পর্যাপ্ত ডাস্টবিন ও গণশৌচাগার: রাস্তার মোড়ে এবং জনসমাগমস্থলে পর্যাপ্ত ঢাকনাযুক্ত ডাস্টবিন ও আধুনিক গণশৌচাগার স্থাপন করতে হবে। নির্দিষ্ট স্থান ছাড়া ময়লা ফেললে জরিমানার বিধান কার্যকর করা প্রয়োজন।
নাগরিক সচেতনতা ও অংশগ্রহণ: পরিচ্ছন্নতার বিষয়ে স্কুল-কলেজ ও সামাজিক মাধ্যমে প্রচারণা চালাতে হবে। সিটি কর্পোরেশনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ এলাকা পরিষ্কার রাখার দায়িত্ব নিতে হবে।
