গভীর সমুদ্রে জেলেদের জীবন রক্ষায় স্যাটেলাইট প্রযুক্তি বসাচ্ছে সরকার

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঝড়, দুর্ঘটনা কিংবা যান্ত্রিক ত্রুটিতে বিপদে পড়া জেলেদের দ্রুত শনাক্ত ও উদ্ধারে প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিচ্ছে সরকার। বঙ্গোপসাগরে মাছ ধরার নৌযানগুলোর অবস্থান ও গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণে স্যাটেলাইটভিত্তিক নজরদারি ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে উপকূল থেকে অনেক দূরে অবস্থানরত নৌযানেরও অবস্থান শনাক্ত করা সম্ভব হবে। একই সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা জোরদার, মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সমুদ্র অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগানোর নতুন সুযোগ তৈরি হবে।

এ জন্য স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বা অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) স্যাটেলাইট বসানোর পরিকল্পনা করছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

বিএসসিএলের কর্মকর্তারা জানান, বাংলাদেশের সমুদ্রসীমার আয়তন প্রায় ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার। এ সমুদ্রসীমায় রয়েছে বিপুল মৎস্যসম্পদ, সামুদ্রিক জীববৈচিত্র্য ও অর্থনৈতিক সম্ভাবনা। কিন্তু বর্তমানে বিস্তৃত এই জলসীমায় নিয়মিত পর্যবেক্ষণ এখনও বড় চ্যালেঞ্জ। সেজন্য চারটি লো আর্থ অরবিট (এলইও) স্যাটেলাইট, দুটি গ্রাউন্ড স্টেশন এবং তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের জন্য স্থানীয় সার্ভার অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর ফলে সামুদ্রিক নৌযানের তথ্য দেশের নিজস্ব অবকাঠামোয় সংরক্ষণ ও ব্যবস্থাপনার সুযোগ তৈরি হবে। এর পাশাপাশি বিদেশি তৃতীয় পক্ষের ওপর নির্ভরতা কমবে। বর্তমানে মহাকাশে থাকা বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট-১ মূলত টেলিযোগাযোগ ও সম্প্রচার সেবার জন্য তৈরি করা। এ ব্যবস্থায় পুরো বঙ্গোপসাগরীয় এলাকায় সর্বোচ্চ ৩০ মিনিটের রিভিজিট টাইম নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, কোনো নির্দিষ্ট এলাকায় একটি স্যাটেলাইটের পর্যবেক্ষণের পর সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে পুনরায় পর্যবেক্ষণের সুযোগ তৈরি করা হবে। ফলে কোন এলাকায় কতগুলো নৌযান চলাচল করছে, কোথায় মাছ ধরার তৎপরতা বেশি ও কোন নৌযান নির্ধারিত এলাকার বাইরে যাচ্ছে— এসব তথ্যও বিশ্লেষণ করা সম্ভব হবে।

একই সঙ্গে অতিরিক্ত মাছ আহরণ নিয়ন্ত্রণ, সামুদ্রিক প্রজাতি সংরক্ষণ ও টেকসই মৎস্য ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরিতেও সহায়তা করবে।

বর্তমানে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। কারিগরি নকশা, অর্থায়ন, স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠান নির্বাচন ও প্রয়োজনীয় অবকাঠামো তৈরির বিষয়গুলো চূড়ান্ত হওয়ার পর বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী ২০২৮ সালের মধ্যে এই স্যাটেলাইটভিত্তিক নজরদারি সেবা চালুর লক্ষ্য রয়েছে।

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়, উত্তাল ঢেউ, যান্ত্রিক ত্রুটি কিংবা দুর্ঘটনার কবলে পড়ার ঘটনা প্রায়ই ঘটে। বিশেষ করে উপকূল থেকে অনেক দূরে চলে গেলে মাছ ধরার নৌযানগুলো মোবাইল নেটওয়ার্কের বাইরে চলে যায়। ফলে কোনো নৌযান বিপদে পড়লে তার সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে নিখোঁজ নৌযান খুঁজে বের করতে দীর্ঘ সময় ধরে অনুসন্ধান চালাতে হয়।

এ প্রযুক্তির ফলে উপকূল থেকে অনেক দূরে অবস্থান করলেও এআইএস সুবিধাসম্পন্ন নৌযানের গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব হবে। নৌবাহিনী ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাগুলোর উদ্ধার তৎপরতা পরিচালনা সহজ হবে।

এ ছাড়া নৌযানের চলাচলের তথ্য বিশ্লেষণ করে যাত্রাপথ পরিকল্পনা করা গেলে অপ্রয়োজনীয় চলাচল হ্রাস ও জ্বালানি সাশ্রয়ের সুযোগ তৈরি হবে।

বিএসসিএলের প্রাথমিক হিসাব অনুযায়ী, পরিকল্পিতভাবে যাত্রাপথ নির্ধারণ করা গেলে একটি নৌযান একবারের যাত্রায় সর্বোচ্চ ১৫০ লিটার পর্যন্ত ডিজেল সাশ্রয় করতে পারে। এ হিসাবে বছরে মোট ৪ কোটি ৫০ লাখ লিটার জ্বালানি সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে।

স্যাটেলাইটভিত্তিক এআইএস ব্যবস্থা চালু হলে সমুদ্রে নৌযানের চলাচল ও মাছ ধরার কার্যক্রম সম্পর্কে দীর্ঘমেয়াদি তথ্য সংরক্ষণের সুযোগ তৈরি হবে। কোন এলাকায় কতগুলো নৌযান যাচ্ছে, কখন মাছ ধরছে এবং কখন উপকূলে ফিরছে— এসব তথ্য বিশ্লেষণ করে সামুদ্রিক মৎস্য আহরণের একটি সমৃদ্ধ ডেটাভান্ডার গড়ে তোলা সম্ভব হবে।

মৎস্যসম্পদের সঠিক ব্যবস্থাপনায় এ ধরনের তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে কোনো এলাকায় অতিরিক্ত মাছ আহরণের প্রবণতা, নির্দিষ্ট সময়ে নৌযানের উপস্থিতি ও বিভিন্ন অঞ্চলে মাছ ধরার কার্যক্রমের পরিবর্তন পর্যবেক্ষণ করে ভবিষ্যতে আরও কার্যকর পরিকল্পনা নেওয়া সম্ভব হবে।

তবে এআইএস প্রযুক্তির কাজ সরাসরি সমুদ্রে মাছের অবস্থান শনাক্ত করা নয়। এর মূল উদ্দেশ্য নৌযানের পরিচয় ও গতিবিধি পর্যবেক্ষণ করা। সমুদ্রের কোথায় মাছের উপস্থিতি বেশি, তা জানতে পানির তাপমাত্রা, রঙ, ক্লোরোফিলের মাত্রা, প্ল্যাঙ্কটনের উপস্থিতি ও সমুদ্রস্রোতের তথ্য বিশ্লেষণ করতে হয়। এসব ক্ষেত্রে স্যাটেলাইট রিমোট সেন্সিংয়ের পাশাপাশি সোনার ও ইকো-সাউন্ডারের মতো প্রযুক্তি ব্যবহার করা হয়।

অর্থাৎ, এআইএস জানাবে নৌযানটি কোথায় রয়েছে, আর সমুদ্রবিজ্ঞানভিত্তিক প্রযুক্তি জানাবে কোন এলাকায় মাছ পাওয়ার সম্ভাবনা বেশি। ভবিষ্যতে এসব তথ্যের সমন্বিত ব্যবহার বঙ্গোপসাগরে আধুনিক ও তথ্যভিত্তিক মৎস্য ব্যবস্থাপনার নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

এ বিষয়ে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। এই সম্পদের সুরক্ষা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, প্রস্তাবিত স্যাটেলাইটভিত্তিক এআইএস ব্যবস্থা চালু হলে গভীর সমুদ্রে মাছ ধরার নৌযানগুলোর অবস্থান ও গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব হবে। ফলে কোনো নৌযান দুর্ঘটনা বা দুর্যোগের কবলে পড়লে দ্রুত তার অবস্থান শনাক্ত করে উদ্ধার কার্যক্রম পরিচালনায় সহায়তা পাওয়া যাবে।

মুহাম্মদ ইমাদুর রহমান আরও বলেন, আমরা এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে বাংলাদেশের সামুদ্রিক সম্পদ ও নৌযানসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেশের নিজস্ব স্যাটেলাইট ও সার্ভার অবকাঠামোর মাধ্যমে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা যাবে। তিনি বলেন, এটি শুধু একটি প্রযুক্তিগত উদ্যোগ নয়, বরং বাংলাদেশের সামুদ্রিক অর্থনীতির উন্নয়ন, জেলেদের নিরাপত্তা ও সামুদ্রিক সার্বভৌমত্ব সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

পাশাপাশি নৌযানের চলাচল ও মৎস্য আহরণের তথ্য বিশ্লেষণের মাধ্যমে সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা, অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ ধরা প্রতিরোধ এবং জ্বালানি সাশ্রয়েও এই প্রযুক্তিও কার্যকর ভূমিকা রাখবে বলেও জানান ড. মুহাম্মদ ইমাদুর রহমান।