টেংরাটিলায় নতুন কূপ খননের পরিকল্পনা

দুই দশক পর নতুন সম্ভাবনার দুয়ার

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের টেংরাটিলায় নতুন করে গ্যাস উত্তোলনের পরিকল্পনা করছে সরকার। এতে বিস্ফোরণের ক্ষত পেরিয়ে নতুন সম্ভাবনার আলো দেখছে এই অঞ্চলের মানুষ। সেই সঙ্গে এই প্রকল্প থেকে গ্যাস উত্তোলন শুরু হলে একদিকে যেমন দেশের অন্যতম সম্ভাবনাময় জ্বালানির উৎস হবে অন্যদিকে কর্মসংস্থানের পাশাপাশি বদলে যাবে ভাটি অঞ্চলের অর্থনীতি। মূলত, ১৯৫৯ সালে আবিষ্কৃত টেংরাটিলা ছিল দেশের অন্যতম সমৃদ্ধ গ্যাসক্ষেত্র। এখানকার গ্যাস সরবরাহ হতো ছাতক সিমেন্ট কারখানা ও পেপার মিলে। কিন্তু ২০০৫ সালের ৭ জানুয়ারি ও ২৪ জুনের দুটি ভয়াবহ বিস্ফোরণে শত শত ফুট উঁচু আগুনে পুড়ে যায় বিপুল পরিমাণ গ্যাস। ক্ষতিগ্রস্থ হয় হাজারো মানুষের ঘরবাড়ি, কৃষিজমি ও পরিবেশ। গ্রাম ছাড়া হয় অনেক পরিবার। তবে এখনও যারা এই গ্রামে বসবাস করছেন তারাও প্রতিনিয়ত নানা রোগ বালাইয়ে আক্রান্ত হচ্ছেন।

তবে এই অগ্নিকাণ্ডের দুই দশক পেরিয়ে গেলেও মাটির নিচে যেন এখনও লুকিয়ে আছে সেই ভয়াবহ বিস্ফোরণের স্মৃতি। বিভিন্ন জায়গায় আজও মাটি ও পানির নিচ থেকে উঠে আসে গ্যাসের বুদবুদ শব্দ। মূলত সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলার এই গ্যাসক্ষেত্র একসময় ছিল দেশের অন্যতম সম্ভাবনাময় জ্বালানির উৎস। আগুনে পুড়ে যাওয়া সেই গ্যাসক্ষেত্রের ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন স্থানীয় মানুষ। তবে আন্তর্জাতিক আদালতের ক্ষতিপূরণের রায় ও নতুন কূপ খননের পরিকল্পনা আবারও জাগিয়েছে নতুন করে বাঁচার আশার আলো।

সম্প্রতি আন্তর্জাতিক আদালত নাইকো রিসোর্সেসকে ৪২ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে নতুন কূপ খননের পরিকল্পনাও সামনে এসেছে। এতে নতুন আশা দেখছেন টেংরাটিলার মানুষ। তাদের প্রত্যাশা আবারও চালু হবে টেংরাটিলা গ্যাসক্ষেত্র। এতে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান, গতি ফিরবে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে, উপকৃত হবেন হাজারো মানুষ। পাশাপাশি দেশের জ্বালানি খাতেও ফিরে আসবে টেংরাটিলার হারানো গুরুত্ব।

টেংরাটিলা গ্রামের বাসিন্দা হুমায়ূন মিয়া বলেন, টেংরাটিলা যখন অগ্নিকাণ্ড হয় তখন আমার বয়স ছিল ১৩ বছর। তখন আমাকে নিয়ে দোয়ারাবাজারের মাছিমপুর গ্রামে আত্মীয়র বাড়িতে রেখে গিয়েছিলেন মা। বাবা আমাদের বাড়ি বাঁচানোর জন্য টেংরাটিলা গ্রামে যান কিন্তু কিছুই রক্ষা করতে পারেননি।

টেংরাটিলা গ্রামের বাসিন্দা জিল্লুর রহমান বলেন, ভেবেছিলাম নতুন সরকার আসলে দ্রুত সব সমস্যা সমাধান করে টেংরাটিলায় আবারও গ্যাস উত্তোলন শুরু হবে। কিন্তু এখনও সেটি হয়নি। সরকারের কাছে অনুরোধ দ্রুত এই প্রকল্প থেকে গ্যাস উত্তোলন শুরু করা হয়।

টেংরাটিলা গ্রামের বাসিন্দা জিল্লুর রহমান বলেন, টেংরাটিলা এই গ্রামে সরকারের কোটি কোটি টাকার সম্পদ রয়েছে। অথচ এগুলো অচল। পাশাপাশি এই গ্রামসহ আশেপাশের মানুষগুলো নানা রোগে আক্রান্ত হচ্ছে। বিশুদ্ধ পানি পাচ্ছে না। এই দিকে নতুন এই সরকারের গুরুত্বসহ নজর দেওয়া উচিত। টেংরাটিলা গ্রামের বাসিন্দা অলি মিয়া বলেন, এই গ্রামের অগ্নিকাণ্ডের পর স্থানীয়রা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি অধিংকাশ ঘরে বিকলাঙ্গ শিশুর জন্ম হচ্ছে। সরকার কাছে অনুরোধ করছি এই দিকে নজর দিন। টেংরাটিলা গ্রামের বাসিন্দা শামসুল আলম বলেন, শুনেছি সরকার এই গ্যাস ফিল্ড চালু নিয়ে পরিকল্পনা হাতে নিয়েছে। তবে এটি চালু হলে দেশের গ্যাস সংকটে অনেক কাজে আসবে। টেংরাটিলা গ্রামের বাসিন্দা মতিউর রহমান বলেন, এই গ্যাস ফিল্ডের জায়গা দখল করে অনেকেই বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ করেছে। এই গুলো যেন দ্রুত উদ্ধার করা হয়। এদিকে, টেংরাটিলার এই গ্যাসক্ষেত্রটি বন্ধ থাকায় স্থানীয় একটি চক্র গ্যাস ফিল্ডের আশেপাশের জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করেছে। তবে আবার এই প্রকল্পে গ্যাস উত্তোলন শুরু হলে দখল করা জায়গা ছেড়ে দেবেন বলে জানান জায়গা দখলে নেওয়া এক ব্যক্তির ভাই।

টেংরাটিলা বাজারে গ্যাস ফিল্ডের জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে দোকান ভাড়া দেওয়া আতাউর রহমান ফরাজির ভাই সিরাজুর রহমান ফরাজি বলেন, আমার ভাই টেংরাটিলা বাজারে গ্যাস ফিল্ডের জায়গা দখল করলেও যখন এই প্রকল্প চালু হবে তখন স্থাপনাগুলো ভেঙে দেবে। পাশাপাশি শুধু আমি না অনেকেই টেংরাটিলা গ্যাস ফিল্ডের জায়গা দখল করে ভবন নির্মাণ করেছে।

দোয়ারা বাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বলেন, টেংরাটিলায় অগ্নিকাণ্ডের পর গ্যাস উত্তোলন বন্ধ থাকলে সেখানে যারা রয়েছেন তারা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পাশাপাশি গ্যাস ফিলেন্ডর জায়গা কেউ দখল করলে সেটাও উদ্ধার করা হবে। আর সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন বলেন, টেংরাটিলা গ্যাসক্ষেত্রটি এখনো বন্ধ রয়েছে। তবে সরকার গ্যাসক্ষেত্রটি পুনরায় চালুর পরিকল্পনা নিয়ে কাজ করছে। সেই পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়ায় এগিয়ে চলছে।