রামিসা হত্যা মামলা
হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ঢাকার পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট। আর তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের সাজা থেকে খালাস দেওয়া হয়েছে।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষে গতকাল মঙ্গলবার এ রায় ঘোষণা করে।
রায়ে সন্তোষ প্রকাশ করে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বলেন, সার্বিকভাবে বাংলাদেশের ইতিহাসে এটি দ্রুততম বিচারগুলোর একটি। এদিক থেকে আমি সন্তুষ্ট। হাই কোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন এবং স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন। রায়ের বিস্তারিত জেনে পরবর্তী করণীয় ঠিক করব।
স্বপ্না খাতুনের খালাসের বিরুদ্ধে আপিল করা হবে কি না, জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে মামলাটি পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে সরকারের মতামত প্রয়োজন। পাশাপাশি মামলার বাদী রামিসার বাবার সঙ্গেও পরামর্শ করতে হবে।
আগের দিন সোমবার একদিনে এ শুনানি সম্পন্ন হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির ও মোহাম্মদ ওসমান চৌধুরী। আসামি পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।
পল্লবীর ১১ নম্বর সেকশন এলাকার একটি অ্যাপার্টমেন্টে পরিবারের সঙ্গে থাকত রামিসা। সে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। আসামি সোহেল ও স্বপ্না ওই বাসার অন্য ফ্ল্যাটে সাবলেট থাকতেন।
গত ১৯ মে দুপুরে সোহেলদের বাসা থেকে রামিসার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ সেখান থেকে স্বপ্নাকে আটক করে। পরে সন্ধ্যায় সোহেলকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে স্বপ্না বলেন, রামিসাকে বাথরুমে আটকে রেখে ধর্ষণ করে মেরে ফেলেন সোহেল। লাশ গুম করার জন্য মাথা ছুরি দিয়ে কেটে আলাদা করেন এবং দুই হাত কাঁধ থেকে অর্ধ বিচ্ছিন্ন করে মৃতদেহ বাথরুম থেকে এনে শোবার ঘরের খাটের নিচে রেখে দেন। কাটা মাথা বাথরুমের বালতির মধ্যে রেখে জানালার গ্রিল কেটে সোহেল পালিয়ে যান।
রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা ঘটনার দিনই দুইজনকে আসামি করে পল্লবী থানায় মামলা করেন। পরদিন সোহেল দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। আর স্বপ্নাকেও পাঠানো হয় কারাগারে। ধর্ষণ ও হত্যার নৃশংস ঘটনাটি সারাদেশে ক্ষোভের জন্ম দেয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাসায় গিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সমবেদনা জানান। আশ্বাস দেন, বিচার দ্রুত শেষ করার। এরপর বিচার শুরুর মাত্র ১৯ দিনের মাথায় গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মামলার রায় ঘোষণা করেন। রায়ে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি সোহেলকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্নাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। রায়ে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদায় করে ভুক্তভোগী পরিবারকে দিতে বলা হয়। রায়ের পর দুই আসামিকে কনডেম সেলে পাঠানো হয় এবং সেখান থেকেই তারা রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন। গত ৯ জুন ৬৯ পৃষ্ঠার রায় ও অন্যান্য নথিপত্র সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়। এরপর হাই কোর্টের নির্দেশে আইনজীবী হাফিজুর রহমান খানকে 'স্টেট ডিফেন্স' হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে সোমবার শুনানি করেন। পরদিন রায় ঘোষণা করল হাই কোর্ট।
পল্লবীর শিশু হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি একটি রেকর্ড : অ্যাটর্নি জেনারেল
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার মামলায় নিম্ন থেকে উচ্চ আদালত— দুই পর্যায়েই দ্রুত বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। হাইকোর্টে মাত্র চার মাস ১০ দিনের মধ্যে ডেথ রেফারেন্স ও আসামিদের জেল আপিলের শুনানি শেষে রায় ঘোষণা করা হয়েছে।
বিচারিক কার্যক্রমের এই দ্রুততাকে একটি রেকর্ড হিসেবে উল্লেখ করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। গতকাল মঙ্গলবার হাইকোর্টের রায় ঘোষণার পর সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, সুপ্রিম কোর্টে দীর্ঘ দুই মাস অবকাশ ছিল। এছাড়া বাকি সময়েও আরও গুরুত্বপূর্ণ ও আলোচিত মামলার শুনানি হয়েছে। এর মধ্যেও পল্লবীর আলোচিত শিশু হত্যা মামলাটি দ্রুত শুনানি ও নিষ্পত্তি করা হয়েছে। নিম্ন আদালতে এক দিনে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে রায় ঘোষণা এবং উচ্চ আদালতে চার মাস ১০ দিনের মধ্যে রায় দেওয়া— এটি একটি রেকর্ড। মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটির রায় ঘোষণা করেন। আদালত প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখেন। তবে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন।
রায় ঘোষণার সময় আদালত বলেন, এ ধরনের ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তির জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি। মামলার বিবরণে জানা গেছে, চলতি বছরের ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। একটি শিশুর এমন মর্মান্তিক পরিণতি নাড়িয়ে দেয় দেশবাসীকে। অভিযোগ ওঠে, ধর্ষণের পর তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। তদন্ত শেষে প্রতিবেশী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে গত ৭ জুন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিরা জেল আপিল করেন। পাশাপাশি মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। গত সোমবার (১৬ নভেম্বর) এসব আবেদনের ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেন হাইকোর্ট।
সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখায় আমি সন্তুষ্ট : রামিসার বাবা
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।
গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো।
রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব। আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি। রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন। সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।
