হাসিনাকে ফেরাতে ভারত শর্ত দেবে বলে বিশ্বাস করি না
বললেন তথ্য উপদেষ্টা
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত কোনো শর্ত দেবে— এমনটা বিশ্বাস করেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
তিনি বলেছেন, "বাংলাদেশ এখন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এবং আইনগতভাবে সঠিক অবস্থানে থেকে সরকার কোনো অন্যায় চাপ বা শর্ত মেনে নেবে না।"
সচিবালয়ে গতকাল মঙ্গলবার সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলছিলেন জাহেদ উর রহমান।
শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে 'ভারতের দুই শর্ত' নিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনের প্রসঙ্গ টেনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "একটা রাষ্ট্র বা সরকার কখনো অফিশিয়ালি যদি কোনো রকম কোনো কথা অপর রাষ্ট্র থেকে না পায়, না জানে তাহলে সে এটাতে রেসপন্ড করার কোনো কারণ নেই। এটা একদম সোজাসাপ্টা কথা।"
বাংলাদেশের একজন আসামি দেশে ফিরে কী করবেন বা তার বিচার কীভাবে হবে, তা সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব আইনে নির্ধারিত হবে বলে মন্তব্য করেন জাহেদ উর রহমান।
তিনি বলেন, "এটা নিয়ে ভারত বা অন্য কোনো দেশ এটা নিয়ে আসলে কথা বলতে পারেনি, তারা কথা বলবেন বলে আমি বিশ্বাসও করি না। ইন্ডিয়ান সরকার কোনো শর্ত দেবেন সেটা আমি মোটেও বিশ্বাস করি না। একেবারেই না, একেবারেই না।"
৫ আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা 'বদলে গেছে' মন্তব্য করে তিনি বলেন, "আপনি খেয়াল করবেন এই বাংলাদেশ আসলে আর আগের বাংলাদেশ নেই। এটা আমি একদম ক্লিয়ারলি বলতে চাই। এটা আসলে শেষ হয়ে গেছে ৫ আগস্ট থেকে এবং এই বাস্তবতা আমি বিশ্বাস করি সব দেশ আস্তে আস্তে মেনে নিচ্ছেন।"
বাংলাদেশ কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না জানিয়ে উপদেষ্টা বলেন, "আমাদের অন্যায় চাপ দিয়ে কিছু করানো যাবে, আমাদের অন্যায় চাপ দিয়ে আমরা মানে ভেঙে পড়ব— ওই যুগটা ৫ আগস্টের সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে। বাংলাদেশ একটা সভরেন স্টেট।
"বাংলাদেশ আলোচনা করতে চায়, কথা বলতে চায়, আলোচনা করবে— কিন্তু চাপ দিয়ে, শর্ত দিয়ে, যেখানে আমরা অন্তত লিগ্যালি কারেক্ট আছি, আমরা সেটা আসলে অ্যাকসেপ্ট করব না ফর শিওর।" এ সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন। চব্বিশের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে নয়া দিল্লির কর্মকর্তারা দুটি শর্তের আভাস দিয়েছেন বলে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে।
প্রথম শর্ত হিসেবে তারা বলেছেন, শেখ হাসিনা ভারতে এসে নেমেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে, তাকে ফিরিয়ে নেওয়ার কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে। নয়া দিল্লির কর্মকর্তাদের বরাতে লিখেছে, সেই প্রক্রিয়াটা আকাশপথেও হতে পারে, স্থলপথেও হতে পারে।
