হত্যা মামলায় সাঈদ খোকন গ্রেপ্তার
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার আকতার হোসেন এ কথা বলেছেন।
সাঈদ খোকনকে ধানমন্ডি থানার জুলাই আন্দোলনের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান আকতার হোসেন। তাঁকে আদালতে পাঠানো হবে। তবে এর বেশি বিস্তারিত তথ্য তিনি জানাতে পারেননি। গত ৩ থেকে ৪ মাস ধরে সাঈদ খোকন বারিধারায় ওই বাসাটিতে যাওয়া-আসা করতেন। তবে নিয়মিত সেখানে থাকতেন না তিনি। এর আগেও ডিবি তাকে গ্রেপ্তারের চেষ্টা করেছিল।
এর আগে সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)। পরে তাকে ডিবির কাছে সোপর্দ করে এসআরবি। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
ডিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোরে বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে এসআরবি-০১ এর একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। ডিবি সূত্র জানায়, সাঈদ খোকনের বিরুদ্ধে প্রায় ৩০টির মতো মামলা রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা ২১টি। এ ছাড়াও অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচারের একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।
সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে গুলশান থানা থেকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে। এর মধ্যে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাও রয়েছে। গতকাল মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) আখতার হোসেন জানান, সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির অধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। এদিকে, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগেও সাঈদ খোকনের বিরুদ্ধে তদন্ত চলছে। ২০২৫ সালের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় তার বোন শাহানা হানিফ ও এক কর্মচারীকেও আসামি করা হয়েছে। এর আগে একই বছরের ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এ ছাড়া সাঈদ খোকন ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় ২৯৭ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ রয়েছে। এর মধ্যে এককভাবে সাঈদ খোকনের বিরুদ্ধে ৯৪ কোটি ২০ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ করা হয়েছে।
