মহাসড়কে উন্নয়ন কাজ
গতি বাড়াতে ডাবল শিফটে কাজ করার নির্দেশ
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
আগামী বর্ষা মৌসুমের আগেই সারাদেশে সড়ক ও মহাসড়ক বিভাগের চলমান উন্নয়ন, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে ডাবল শিফটে (দুই পালায়) কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে চলমান শুষ্ক মৌসুমের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সপ্তাহে সাত দিন কাজ চালু রাখা, প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল নিয়োগ এবং প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিত থেকে তদারকির নির্দেশনা দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, বর্ষা মৌসুমে সড়কের উন্নয়ন ও সংস্কার কাজ করতে গেলে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়। বৃষ্টির কারণে কাজের পরিবেশ বিঘ্নিত হয়, নির্মাণকাজের গতি কমে যায় এবং অনেক ক্ষেত্রে একই কাজ বারবার করতে হয়। এতে সময় ও অর্থের অপচয় হয়। এ কারণে চলমান শুষ্ক মৌসুমকে কাজে লাগিয়ে আগামী বর্ষার আগেই উন্নয়নকাজ দ্রুত শেষ করতে ডাবল শিফটে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সচিব বলেন, সারাদেশে সড়ক ও মহাসড়ক বিভাগের অধীনে প্রায় ২৩ হাজার কিলোমিটার সড়ক রয়েছে। এসব সড়কের সংস্কার, রক্ষণাবেক্ষণ ও সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।
সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং বিদ্যমান অবকাঠামোর কার্যকর ব্যবহার নিশ্চিত করতে এসব প্রকল্প যথাসময়ে বাস্তবায়ন করা জরুরি। বর্তমান শুষ্ক মৌসুম এসব কাজ সম্পন্ন করার জন্য সবচেয়ে উপযুক্ত সময়।
জিয়াউল হক বলেন, সড়ক নির্মাণ ও মেরামতের ক্ষেত্রে আবহাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুষ্ক মৌসুমে কাজ করার জন্য অনুকূল পরিবেশ পাওয়া যায়। অন্যদিকে বর্ষা মৌসুমে বৃষ্টিপাতের কারণে সড়ক নির্মাণ, কার্পেটিং, সংস্কার ও অন্যান্য অবকাঠামোগত কাজ বাধাগ্রস্ত হয়।
তিনি জানান, অনেক ক্ষেত্রে বৃষ্টির কারণে নির্মাণসামগ্রী ও শ্রমঘণ্টার অপচয় ঘটে। আবার কোনো কোনো ক্ষেত্রে আগে সম্পন্ন করা কাজ ক্ষতিগ্রস্ত হওয়ায় পুনরায় মেরামতের প্রয়োজন হয়। এতে প্রকল্পের ব্যয় ও বাস্তবায়নের সময় দুটোই বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে বর্ষা শুরুর আগেই গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা জারি করা হয়েছে বলে জানান তিনি।
ওই নির্দেশনায় চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাস্তবায়নাধীন সব উন্নয়ন প্রকল্প এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন মেরামত কর্মসূচির নির্ধারিত কাজ আগামী ৩০ জুন ২০২৭ সালের মধ্যে শতভাগ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সচিব বলেন, নির্দেশনাটি শুধু নতুন সড়ক নির্মাণ বা সম্প্রসারণ প্রকল্পের ক্ষেত্রে নয়; বরং চলমান উন্নয়ন প্রকল্পের পাশাপাশি সড়ক ও সেতুর পর্যবেক্ষণ, জরুরি মেরামত এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির ক্ষেত্রেও প্রযোজ্য। ডিপিপি, টিপিপি, সংশোধিত ডিপিপিসহ চলতি অর্থবছরে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পগুলোর নির্ধারিত কাজ যথাসময়ে শেষ করতে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও বাস্তবায়নকারী সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ডাবল শিফটে কাজ পরিচালনার বিষয়ে তিনি বলেন, সাধারণ কর্মঘণ্টার পাশাপাশি অতিরিক্ত কর্মপরিকল্পনার মাধ্যমে প্রকল্পের কাজ এগিয়ে নিতে হবে। দিনের কর্মঘণ্টাকে আরও কার্যকরভাবে ব্যবহার এবং প্রয়োজনে দুই পালায় কাজ পরিচালনার ব্যবস্থা করতে হবে।
জিয়াউল হক বলেন, প্রকল্প বাস্তবায়নে শুধু ঠিকাদার বা নির্মাণ শ্রমিকদের কাজ করলেই হবে না, সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও সার্বক্ষণিক তদারকি নিশ্চিত করতে হবে। এ কারণে নির্দেশনায় প্রকল্পসংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থেকে দাপ্তরিক কার্যক্রম ও প্রকল্পের কাজ তদারকির কথা বলা হয়েছে।
প্রকল্পের অগ্রগতি, কাজের মান এবং নির্ধারিত সময় অনুযায়ী বাস্তবায়ন হচ্ছে কি না, এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, কোনো প্রকল্পে প্রয়োজনীয় জনবলের ঘাটতি থাকলে তা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
প্রকল্পের প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল নিয়োগের বিষয়ে প্রকল্প পরিচালকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে শুষ্ক মৌসুমের সুবিধা কাজে লাগাতে ৩০ জুন ২০২৭ পর্যন্ত সপ্তাহে সাত দিন প্রকল্প ও মেরামত কর্মসূচির কাজ সম্পাদনের ব্যবস্থা নিতে বলা হয়েছে। অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনেও প্রকল্পের কাজ চালু রাখার জন্য প্রয়োজনীয় জনবল ও কর্মপরিকল্পনা নিশ্চিত করতে হবে।
সচিবের মতে, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি নির্দিষ্ট অর্থবছরে যে কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়, তা যথাসময়ে বাস্তবায়ন করা প্রয়োজন। বিশেষ করে সড়ক ও মহাসড়কের মতো জনসংশ্লিষ্ট অবকাঠামোর ক্ষেত্রে কাজের দীর্ঘসূত্রতা সাধারণ মানুষের চলাচল, পণ্য পরিবহন এবং সামগ্রিক যোগাযোগব্যবস্থায় প্রভাব ফেলে। তাই প্রকল্পের নির্ধারিত সময়সীমা বিবেচনায় নিয়ে বাস্তবায়ন কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ডাবল শিফটে কাজ করতে গিয়ে শ্রমিকদের কর্মঘণ্টা ও নিরাপত্তার বিষয়ে সচিব বলেন, এ ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। অতিরিক্ত জনবল নিয়োগ, শিফট ডিউটি এবং সার্বিক প্রকল্প ব্যবস্থাপনার ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান, সরকারি চাকরি আইন ও বাংলাদেশ শ্রম আইন (সংশোধিত) অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, বিশেষ করে প্রকল্পের কাজে নিয়োজিত শ্রমিকদের নির্ধারিত কর্মঘণ্টা, ওভারটাইম, স্বাস্থ্য সুরক্ষা এবং অন্যান্য প্রাসঙ্গিক আইনগত বিধান মেনে চলতে হবে। কাজের গতি বাড়ানোর অর্থ শ্রমিকদের ওপর আইন বহির্ভূতভাবে অতিরিক্ত চাপ সৃষ্টি করা নয়। বরং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল নিয়োগ, দায়িত্ব বণ্টন এবং শিফটভিত্তিক কর্মপরিকল্পনার মাধ্যমে কাজ এগিয়ে নিতে হবে। উন্নয়নকাজের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।
সচিব বলেন, সারাদেশে প্রায় ২৩ হাজার কিলোমিটার সড়কের উন্নয়ন, সংস্কার ও রক্ষণাবেক্ষণের বিষয়টি একটি বড় কর্মযজ্ঞ। এসব সড়ক দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের যোগাযোগ, কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পর্কিত। ফলে সড়ক অবকাঠামোর উন্নয়নকাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
