এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি আর দেখতে চাই না : সিইসি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি ও দুর্নীতির অভিযোগ আর দেখতে চান না তিনি। এনআইডি-সংক্রান্ত সেবায় হয়রানি ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এ বিষয়ে অংশীজনদের কাছ থেকেও পরামর্শ ও সহযোগিতা চেয়েছেন। গতকাল বুধবার আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে 'জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ' শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন সিইসি।

অনুষ্ঠানে অন্য চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশাসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরাও কর্মশালায় অংশ নেন। সিইসি বলেন, "প্রতিদিন যখন আমি ডাক সই করি, তখন অন্তত ছয়-সাতটি আবেদন থাকে এনআইডি-সংক্রান্ত। কেউ ছয় মাস আগে, কেউ ১০ মাস আগে, আবার কেউ কয়েক বছর আগে আবেদন করেও সেবা পাননি বলে অভিযোগ করেন। বিষয়টি আমাকে খুব বিব্রত করে। "পত্রপত্রিকায় যখন হয়রানির খবর দেখি, তখন আরও অস্বস্তি বোধ করি। আমি চাই, এই হয়রানি শব্দটি যেন আর শুনতে না হয়।"

এনআইডি সেবায় দুর্নীতির অভিযোগ বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে নাসির উদ্দিন বলেন, "এনআইডি কেন্দ্রিক দুর্নীতির যেসব অভিযোগ রয়েছে, সেগুলো থেকে আমরা মুক্তি চাই। কী করলে এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করা সম্ভব, সে বিষয়ে আপনারা পরামর্শ দেবেন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে, মানুষ যেন সেবা পায়, কোনো ধরনের হয়রানির শিকার না হয়।"

আবেদন গ্রহণের পর দ্রুত সাড়া দেওয়ার ওপরও গুরুত্ব দেন সিইসি। তিনি বলেন, কোনো আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনকারীকে বার্তা দিয়ে জানাতে হবে যে আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং প্রক্রিয়াধীন রয়েছে। আবেদনে প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকলে সেটিও স্পষ্ট করে জানাতে হবে। "কেউ একটি আবেদন করার পর ছয় মাস ধরে কোনো জবাব পাবেন না, তার আবেদন কোথায় আছে সেটাও জানতে পারবেন না— এটা হতে পারে না। আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে একটি মেসেজ দিতে হবে। প্রয়োজনে একটি মেমো নম্বর বা সিরিয়াল নম্বর দিতে হবে, যাতে তিনি পরবর্তী সময়ে যোগাযোগ করে জানতে পারেন তার আবেদনের কী অবস্থা।" এনআইডি-সংক্রান্ত সমস্যা সমাধানে এক দপ্তরের ওপর অন্য দপ্তরের দায় চাপানোর প্রবণতা থেকেও বেরিয়ে আসার আহ্বান জানান সিইসি। তিনি বলেন, অনেক সময় কারও জন্মনিবন্ধন বা শিক্ষাগত সনদে সমস্যা থাকলে সেটিকে সামনে এনে দায় এড়ানোর চেষ্টা করা হয়। কিন্তু এভাবে নাগরিকদের সেবা নিশ্চিত করা সম্ভব নয়। "ব্লেইম গেইম করে তো আমরা মানুষকে সেবা দিতে পারব না। আমাদের এমন জায়গায় আসতে হবে, যেখানে আর ব্লেইম গেইম চলবে না। মানুষকে সেবা দিতে হবে এবং সেটি নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন, তা করতে হবে।" সাধারণ মানুষের ডিজিটাল সক্ষমতা ও সচেতনতার বিষয়টি বিবেচনায় নিয়ে সেবা দেওয়ার আহ্বান জানান সিইসি। তিনি বলেন, দেশের সব নাগরিক প্রযুক্তি ব্যবহারে সমানভাবে দক্ষ নন। বিশেষ করে গ্রামের বয়স্ক মানুষের জন্য অনলাইনে আবেদন করা কিংবা এনআইডি ডাউনলোড করা কঠিন হতে পারে। তাই তাদের সক্ষমতা বিবেচনায় রেখে সেবা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এ জন্য জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন সিইসি। নাগরিকদের সঠিক তথ্য দিয়ে আবেদন করা, প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জানাতে নিয়মিত প্রচার-প্রচারণা চালানোর পরামর্শ দেন তিনি।