হাইকোর্টের নির্দেশে ভর্তি পরীক্ষা পেছাল বুয়েট
আপিল করবে ঢাবি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষা ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখতে হাই কোর্টের আদেশের পর ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। নতুন সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা হবে ১ ফেব্রুয়ারি। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় আদালতের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম। ভর্তির নতুন তারিখ নির্ধারণের তথ্য দিয়ে বুধবার ?বুয়েটের বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির প্রধান অধ্যাপক কামরুল হাসান বলেন, একাডেমিক কাউন্সিলে ভর্তি পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এর আগে ১৬ জানুয়ারি ভর্তি পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বুয়েট। সেই অনুযায়ী, ২১ নভেম্বর থেকে আবেদন শুরু করার কথা বলা হয়েছিল। অধ্যাপক কামরুল জানান, তবে ভর্তি আবেদন কবে নাগাদ শুরু হবে সে সিদ্ধান্ত হয়নি। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাই কোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।
যারা এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন, এক মাসের মধ্যে পরীক্ষা নিয়ে তাদের ভর্তি পরীক্ষা বসার সুযোগ দিতে এমন আদেশ দেয় আদালত। আদেশের তথ্য নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মহসিন কবির বলেন, যারা এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন, এক মাসের মধ্যে সরকার তাদের পরীক্ষা নেবে।
এর মধ্যে যেন কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না হয়, সেজন্য হাই কোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহসিন কবির বলেন, এ সময়ের মধ্যে পরীক্ষা নেওয়া যাবে না। রিট আবেদনকারী আইনজীবী কামরুন নাহার সাংবাদিকদের বলেন, এইচএসসি পরীক্ষায় প্রায় ছয় লাখ শিক্ষার্থী পাস করলেও প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
এদিকে আদালতের আদেশের পর এখনই ভর্তি পরীক্ষার তারিখ বদলাতে চায় না ঢাকা বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন ১১ নভেম্বর শুরু হয়ে আগামী ২৫ নভেম্বর শেষ হবে। আর ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ২৬ ডিসেম্বর। পূর্বঘোষিত এ সূচি অনুযায়ীই আবেদন ও ভর্তি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা পেছাতে না চাওয়ার কারণ তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি ভর্তি পরীক্ষা পেছায় তাহলে সেশনজটের কবলে পড়বে।
করোনাভাইরাসের সময় যে সেশনজট সৃষ্টি হয়েছিল, তা কাটিয়ে উঠতে প্রায় চার বছর লেগেছে। তাই আমরা ভর্তি পরীক্ষা পিছিয়ে আবার সেই সেশনজট সৃষ্টি করতে চাই না।
দ্বিতীয়ত, আমাদের আবেদন করা শিক্ষার্থীদের সংখ্যা সিটের বিপরীতে অনেক বেশি। আর ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবীদের আঁতুড়ঘর। এখন যারা এইচএসসিতে প্রথমবার উত্তীর্ণ হয়েছে বা স্ক্রুটিনির জন্য আবেদন করেছে, আমরা তাদের সুযোগ দিচ্ছি। কিন্তু যারা এক বা একাধিক বিষয়ে ফেইল করেছে, তাদের জন্য উত্তীর্ণ শিক্ষার্থীদের বসিয়ে রাখা কোনো সঠিক সিদ্ধান্ত না।
