পোশাক শ্রমিকদের বিক্ষোভ
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কয়েকটি এলাকাসহ ঢাকার মিরপুর, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বিক্ষোভ দেখিয়েছেন পোশাক শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। উত্তেজনা ছড়িয়ে পড়লে আশুলিয়া ও সাভারের হেমায়েতপুর এলাকার প্রায় ৩০টির মত পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয় বলে জানা গেছে। ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম বলেন, এখানে শ্রমিকদের সঙ্গে অনেক বহিরাগত চলে এসেছে। এছাড়া মজুরি বোর্ডের সিদ্ধান্ত কখন আসবে, তা নিয়েও পোশাক শ্রমিকদের মধ্যে উৎকণ্ঠা কাজ করছে। তিনি বলেন, এ পরিস্থিতিতে অধিকাংশ কারখানার মালিকপক্ষ আজকের মতো ছুটি ঘোষণা করায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে চলে যাচ্ছেন। সরেজমিন সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রতিদিনের মত সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করেন এবং কার্ড পাঞ্চ করে নিজেদের হাজিরা দেন। তবে সকাল ৯টার পরপরই শিল্পাঞ্চলের চিত্র বদলে যেতে শুরু করে। বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানা থেকে বেরিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দিনের শুরুতে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার কারখানাগুলো থেকে শ্রমিকরা প্রথম বেরিয়ে আসেন। এরপর তারা হেমায়েতপুর-সিংগাইর সড়কে মিছিল নিয়ে আশপাশের কারখানাগুলোর মূল ফটকে অবস্থান নেন এবং ভেতরে থাকা শ্রমিকদের বাইরে বেরিয়ে আসার জন্য বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন। ?অন্যদিকে আশুলিয়ার জামগড়া ও নরসিংহপুর এলাকার বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরাও রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে শ্রমিকরা হা-মীম ও শারমিন গ্রুপের কারখানার সামনে জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
রাজধাীর মিরপুর-১২ নম্বর এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধাবর বেলা ১২টা থেকে এই ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। মিরপুর বিভাগের পল্লবী জোনের অতিরিক্ত উপ-কমিশনার জাহিদ হাসান বলেন, শ্রমিকরা রাস্তা অবরোধ করেছেন। তিনি বলেন, আমরা বারবার সতর্কতা দিয়েছি আপনারা দেখছেন যে আমরা অ্যানাউন্স করে দিয়েছি যে আসলে রাস্তা ব্লক করা যাবে না, যানমালের ক্ষতিসাধন করা যাবে না। তারা আমাদের কথা শোনেনি। তারা আমাদের দিকে ইট মারছে আপনারা এটা দেখছেন এবং আপনাদের ভিডিও আছে আপনাদের কাছে। সো, আমরা আত্মরক্ষার্থে কিছু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করছি, এটাই আমাদের কাজ এবং আমরা অ্যানাউন্স করে দিয়েছি যে, আসলে কোনোভাবেই অরাজকতা তৈরি করা যাবে না। এই দেশটা সবার। কত সংখ্যক শ্রমিক রাস্তায় নেমেছিলেন জানতে চাইলে তিনি বলেন, ৪০০ থেকে ৫০০ হতে পারে, ম্যাক্সিমাম আরকি, বা ২০০ থেকে ৩০০ হতে পারে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা দ্বীন ইসলাম বলেন, বেলা ১২টার দিক থেকে ১২ নম্বর এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটা ধাওয়া শুরু হয়। ১২ নাম্বার বাসস্ট্যান্ড মোড় থেকে এটার শুরু। এক পর্যায়ে মূল সড়ক থেকে ধাওয়া দিয়ে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ। দ্বীন ইসলামের ভাষ্য, ওই সময় 'অন্তত ১০টি কাঁদুনে গ্যাস ছুড়েছে পুলিশ'। এরপর শ্রমিকরা সড়কের দু'পাশে বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন। তিনি বলেন, ঘটনাস্থলে বিজিবিও মোতায়েন রয়েছে। গতকাল বুধবার সকালে রাজধানীর কাফরুল এলাকায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১৪ নম্বর এলাকার এম/১৬ ঠিকানায় অবস্থিত লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার এলাকায় এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, কারখানা দুটিতে প্রায় পাঁচ হাজার ১০০ শ্রমিক কাজ করেন। এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের শ্রমিকদের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। পরে তাদের কারখানা থেকে বের করে নিয়ে আসেন। এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। সার্বিক পরিস্থিতি নিয়ে উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, বেশ কিছু শ্রমিক রাস্তায় নেমেছিলেন। তাদের ধাওয়া দিলে বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন। এক পর্যায়ে সেখান থেকেও তাদের সরিয়ে দেওয়া হয় বলেও পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন। এদিকে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। এ সময় তারা পুলিশের গাড়িতেও অগ্নিসংযোগ করেছেন। পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে তারা আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নিয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা জড়ো হয়ে মহাসড়ক বন্ধ করে আন্দোলন শুরু করে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার এস এম আশরাফুল আলম। এতে মহাসড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে শ্রমিকরা ডেগেরচালা রোড এলাকায় মহানগর পুলিশের এক কর্মকর্তার গাড়িতে অগ্নিসংযোগ করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী বলেন, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে ভোগড়া মডেল ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপন করে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে গাজীপুরের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান করে। পরে সকাল ৯টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জড়ো হয়ে আন্দোলন শুরু করে। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রীসহ সাধারণ মানুষ। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড, কাঁদুনে গ্যাস ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন
শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর মধ্যে ঢাকার মিরপুর, হেমায়েতপুর, সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ২০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সালনা ও বৈশয়া কুড়িবাড়ি এলাকায় রয়েছেন ১৫ প্লাটুন। এ ছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় ৭ প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদস্যরা দায়িত্ব পালন করছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। এদিকে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ ব্যবহার করা হচ্ছে।
