রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

২০১৭ সালে নৃশংস সামরিক অভিযানের সময় সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে ঐতিহাসিক রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গতকাল বৃহস্পতিবার প্রায় তিন ঘণ্টা ধরে পড়া এই রায়ে আদালত বলেন, উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা গোষ্ঠীকে ধ্বংস করার 'উদ্দেশ্য' নিয়েই মিয়ানমার বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে।

রায় ঘোষণার সময় আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, গণহত্যা অপরাধ প্রতিরোধ ও শাস্তি সনদের বাধ্যবাধকতা লঙ্ঘন করে রিপাবলিক অব দ্য ইউনিয়ন অব মিয়ানমার উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা গোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। তিনি আরও বলেন, মিয়ানমারের বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা ও শিশুদের বিরুদ্ধে চরম সহিংসতা চালিয়েছে এবং বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা চালিয়েছে।

এ ছাড়া সেনারা রোহিঙ্গা নারী ও শিশুদের হত্যা ও ধর্ষণের পাশাপাশি তাদের গ্রাম ও বসতি ধ্বংস করেছে বলেও প্রমাণ পাওয়া গেছে। রায়ে জাতিসংঘের এই সর্বোচ আদালত মিয়ানমারকে বেশ কয়েকটি সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। আদালত বলেন, ক্ষয়ক্ষতির জন্য রোহিঙ্গা গোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমার বাধ্য। পাশাপাশি ২০১৭ সালের অভিযানে গণহত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের বিরুদ্ধে তদন্ত ও বিচারের নির্দেশ দিয়ে আইসিজে প্রেসিডেন্ট বলেন, গণহত্যার কর্মকাণ্ডে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে এমন সব ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করতে এবং প্রয়োজনে তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে মিয়ানমারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

একই সঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সুযোগ তৈরির নির্দেশ দিয়ে ইউজি ইওয়াসাওয়া বলেন, এই অন্যায় কর্মকাণ্ডের ফলে মিয়ানমারের অভ্যন্তরে বা বিদেশে বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গাদের নিজ বাসস্থানে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন এবং পরিবারের সঙ্গে পুনর্মিলনের সুযোগ দিতে ও তা সহজতর করতে হবে। মিয়ানমার সব সময়ই গণহত্যার অভিযোগ অস্বীকার করে দাবি করেছে যে বিদ্রোহীদের হামলায় এক ডজন নিরাপত্তাকর্মী নিহত হওয়ার জবাবে তারা অভিযান চালিয়েছিল। গত জানুয়ারিতে মামলার শুনানিতে দেশটির প্রতিনিধি কো কো হ্লাইং বিচারকদের বলেছিলেন, মিয়ানমার হাত গুটিয়ে বসে থাকতে এবং সন্ত্রাসীদের অবাধ বিচরণের সুযোগ দিতে বাধ্য ছিল না। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে মামলাটি করে। দেশটি অভিযোগ করেছিল, মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। গাম্বিয়া আইসিজের কাছে আবেদন জানায়, মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে বলে রায় দেওয়া হোক। একই সঙ্গে রোহিঙ্গাদের লক্ষ্য করে চালানো সব ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে এবং গণহত্যার জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করতে মিয়ানমারকে নির্দেশ দেওয়ার আবেদনও জানায় দেশটি।

অন্যদিকে মিয়ানমারের দাবি, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) যোদ্ধারা পুলিশের বিভিন্ন পোস্টে হামলা চালানোর পরিপ্রেক্ষিতে তারা ওই অভিযান পরিচালনা করেছিল। আইসিজে বলেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ব্যাপক নৃশংসতার প্রমাণ থেকে 'একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত' হলো, রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর একটি 'উল্লেখযোগ্য অংশকে' নিশ্চিহ্ন করার অভিপ্রায় ছিল তাদের। আদালত আরও বলেন, সামরিক অভিযানে সশস্ত্র বেসামরিক নাগরিকদের অংশগ্রহণের সময় মিয়ানমারের গণহত্যার ঝুঁকি সম্পর্কে জানা উচিত ছিল। এ কারণে 'গণহত্যা প্রতিরোধে মিয়ানমার তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে'। জাতিসংঘের তথ্য অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে এখনও ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশের কক্সবাজারের বিস্তীর্ণ শরণার্থীশিবিরে রয়েছেন ১২ লাখ রোহিঙ্গা।

সংঘাত, মানবিক সহায়তা কমে যাওয়া এবং ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে যাতায়াতের কারণে এই জনগোষ্ঠীর অনেক মানুষ এখনও বাস্তুচ্যুত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দেওয়া এই রায়ে ৯ জন বিচারক মিয়ানমারে গণহত্যা সংঘটিত হয়েছে বলে ঐকমত্যে পৌঁছেছেন। তবে হেগের আন্তর্জাতিক বিচার আদালতের ছয়জন বিচারক এর বিপক্ষে রায় দিয়েছেন।