
জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (ইজিডিআই) ২০২৬-এ ১৯৪টি দেশের মধ্যে বাংলাদেশ ৩ ধাপ এগিয়ে ৯৭তম স্থানে উন্নীত হয়েছে এবং প্রথমবারের মতো দুই অঙ্কের র্যাঙ্কিং বন্ধনীতে (ডাবল-ডিজিট ব্র্যাকেট) প্রবেশ করেছে। ২০২৪ সালের পূর্ববর্তী সংস্করণে দেশের অবস্থান ছিল ১০০তম। বাংলাদেশ চলতি বছর সর্বকালের সর্বোচ্চ ০.৬৮৯৩ স্কোর অর্জন করেছে এবং 'হাই ইজিডিআই' (উচ্চ ই-গভর্নমেন্ট) গ্রুপেই রয়ে গেছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশ এ সূচকের দু'টি উপাদানেও সর্বকালের সর্বোচ্চ নম্বর অর্জন করেছে। এর অনলাইন সার্ভিস ইনডেক্স (ওএসআই) স্কোর দাঁড়িয়েছে ০.৮১, অন্যদিকে টেলিযোগাযোগ অবকাঠামো সূচকে (টিআইআই) স্কোর হয়েছে ০.৬৯।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়াবলী বিভাগ (ইউএন ডেসা) দ্বারা তৈরি দ্বিবার্ষিক প্রকাশনা '২০২৬ ইউএন ই-গভর্নমেন্ট সার্ভে' থেকে এ ফলাফল পাওয়া গেছে, সেখানে রিপাবলিক অব কোরিয়া (দক্ষিণ কোরিয়া) ডিজিটাল সরকার র্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছে।
ইজিডিআই হলো নাগরিক সেবা প্রদানে ই-গভর্নমেন্ট ব্যবহারে একটি দেশের সক্ষমতা, অবকাঠামোগত প্রস্তুতি ও অগ্রগতির একটি যৌথ পরিমাপ। এটি মূলত তিনটি মাত্রার নরম্যালাইজড স্কোরের একটি ভারযুক্ত গড়: অনলাইন সার্ভিস ইনডেক্স, টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্স এবং হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স।
বিশ্বব্যাপী গড় ইজিডিআই ৪.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২৪ সালের ০.৬৩৮২ থেকে বেড়ে ২০২৬ সালে ০.৬৬৭৫-এ দাঁড়িয়েছে। বাংলাদেশের ০.৬৮৯৩ স্কোরটি ২০২৬ সালের বৈশ্বিক গড়ের চেয়েও ওপরে রয়েছে। মূল্যায়িত ১৯৪টি দেশের মধ্যে ১৫১টি দেশ এখন উচ্চ বা অত্যন্ত উচ্চ ইজিডিআই শ্রেণির অন্তর্ভুক্ত, যা ২০২৪ সালে ছিল ১৩৮টি।