বৃষ্টির প্রভাব
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

নাটোরের সিংড়া উপজেলায় টানা দুই দিনের বৃষ্টিতে আমন ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। জমিতে পানি জমে কেটে রাখা ধান তলিয়ে যাওয়ায় ফসল ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তারা। একই সঙ্গে পাকা ধান কাটতে না পারায় ফসলের গুণগত মান নষ্ট হওয়া ও আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। সরেজমিন দেখা যায়, উপজেলার শুকাশ, ডাহিয়া ও ইটালি ইউনিয়নের বিভিন্ন মাঠে বৃষ্টির পানিতে কেটে রাখা আমন ধান তলিয়ে রয়েছে। কোথাও ধানের গোছা পানির নিচে, আবার কোথাও কাটা ধান জমিতেই পড়ে আছে। জমিতে পানি জমে থাকায় নতুন করে ধান কাটা ও কেটে রাখা ধান ঘরে তুলতে পারছেন না কৃষকরা। ছবিটি গতকাল তোলা হয় - আলোকিত বাংলাদেশ
