প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যম : ঢাকা
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতকে দায়ী করেছেন বলে কয়েকটি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর নাকচ করে দিয়েছে বাংলাদেশ।
ঢাকা জানিয়েছে, গত ১৯ নভেম্বর লালমনিরহাটে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী কোনো দেশের নাম উল্লেখ করেননি। ওই প্রতিবেদনগুলোর সত্যতা সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ভারতীয় ওই গণমাধ্যমগুলো প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে।
মুখপাত্র বলেন, 'এই (ভারতীয়) গণমাধ্যমগুলো বক্তব্যটি ভুলভাবে উপস্থাপন করেছে, কারণ তিনি (প্রধানমন্ত্রী তারেক রহমান) কোনো দেশের নাম উল্লেখ করেননি।' তিনি আরও বলেন, 'আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীরা বিভিন্ন মহাদেশে বেপরোয়া তাণ্ডব চালাচ্ছে। নিরীহ মানুষের ওপর তারা যে ভয়াবহ সহিংসতা চালিয়েছে, তা পুরো বিশ্ব দেখেছে।'
মুখপাত্র অভিযোগ করেন, এই সহিংসতা বেশ কয়েকটি দেশে নিরাপত্তা সংকট তৈরি করছে, বিদেশে বাংলাদেশের অবস্থান ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে এবং প্রবাসী বাংলাদেশিদের সুনাম নষ্ট করছে।
এই সহিংসতা ছড়িয়ে পড়া রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
