শিল্পাঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম সচলে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত

বললেন আইজিপি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং বিশেষ করে শিল্পাঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বেসরকারি খাতসহ সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ারও আহ্বান জানান তিনি।

গতকাল বুধবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, পুলিশ জনগণের আস্থা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে প্রয়োজনীয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়ায় দেশে বেকারত্ব বাড়ছে।

তিনি বলেন, দেশের জনসংখ্যার অনুপাতে পুলিশ বাহিনীর সদস্যসংখ্যা অপ্রতুল। এ অবস্থায় পুলিশের সুযোগ-সুবিধা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

সাক্ষাৎকালে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন এবং স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে বাণিজ্য সহায়ক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ জন্য দেশে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা জরুরি বলে তিনি উল্লেখ করেন।

তাসকীন আহমেদ বলেন, চলমান অনাকাঙ্ক্ষিত শ্রমিক ও রাজনৈতিক অস্থিরতা এবং উৎপাদনমুখী শিল্পাঞ্চলসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতির উন্নয়নে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। তিনি দেশের মহাসড়ক ও বাণিজ্যিক এলাকায় পণ্য পরিবহনে হয়রানি প্রতিরোধে হটলাইন চালু, শিল্প ও ব্যবসাপ্রধান এলাকায় নিরাপত্তা জোরদার এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

এ ছাড়া আর্থিক জালিয়াতি প্রতিরোধ এবং ডিজিটাল লেনদেন ও ই-কমার্স খাতের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের আধুনিকায়ন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানান তিনি। এ সময় ডিসিসিআইয়ের সহ-সভাপতি মো. সালিম সোলায়মানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।