বাপেক্সকে শক্তিশালী করতে বহুমুখী উদ্যোগ সরকারের

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাপেক্সকে শক্তিশালী করতে বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার। এসব উদ্যোগের মধ্যে উল্লেখযোগ্য নতুন ড্রিলিং রিগ কেনাসহ জনবল কাঠামো সম্প্রসারণ, সাইসমিক জরিপ ও দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা। সরকার ২০৩১ সালের মধ্যে ১৫০টি গ্যাসকূপ খনন ও সংস্কারের লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে ৮৯টি কূপের খনন ও সংস্কারের দায়িত্ব পালন করবে বাপেক্স। পাশাপাশি নতুন গ্যাসের মজুত অনুসন্ধানে দ্বিমাত্রিক (২ডি) ও ত্রিমাত্রিক (৩ডি) সাইসমিক জরিপ, নতুন যন্ত্রপাতি ক্রয় এবং যৌথ উদ্যোগে কাজের পরিকল্পনা করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং তেল-গ্যাসের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। এজন্য রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডকে (বাপেক্স) শক্তিশালী করতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

বাপেক্সের সক্ষমতা বাড়াতে দুটি নতুন ড্রিলিং রিগ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে দুই হাজার হর্সপাওয়ার ক্ষমতার 'এসি-এসি ভিএফডি' শ্রেণির একটি স্কুলভিত্তিক ড্রিলিং রিগ কেনার প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৫৭৭ কোটি ২৩ লাখ টাকা। সরকার ও বাপেক্সের যৌথ অর্থায়নে এটি কেনা হবে। এ ছাড়া ১ হাজার ৫০০ হর্সপাওয়ার ক্ষমতার আরেকটি ড্রিলিং রিগ কেনার জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হয়েছে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৬৪৭ কোটি টাকা। গ্যাস উন্নয়ন তহবিল (জিডিএফ) ও বাপেক্সের অর্থায়নে রিগটি কেনার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে বাপেক্সের পাঁচটি ড্রিলিং রিগ রয়েছে। এগুলো হলো— বিজয়-১০, বিজয়-১১, বিজয়-১২, বিজয়-১৮ ও আইপিএস-১। নতুন দুটি রিগ কেনা হলে প্রতিষ্ঠানটির মোট রিগের সংখ্যা দাঁড়াবে সাতটিতে।

বাপেক্স জানিয়েছে, দেশে নতুন তেল-গ্যাসের মজুত অনুসন্ধানে ৪১০ লাইন কিলোমিটার দ্বিমাত্রিক (২ডি) এবং ২ হাজার ১১০ বর্গকিলোমিটার ত্রিমাত্রিক (৩ডি) সাইসমিক জরিপের পরিকল্পনা করা হয়েছে। '২ডি সাইসমিক সার্ভে ওভার এক্সপ্লোরেশন ব্লক-৭ ও ৯ প্রজেক্ট' এর আওতায় অনুসন্ধান ব্লক-৭ এ ১৯৬০ লাইন কিমি এবং অনুসন্ধান ব্লক-৯ এ ২৫৪০ লাইন কি. মি. মাঠপার্যায়ে শেষ হয়েছে। অর্থাৎ সর্বমোট ৪৫০০ লাইন কিমি ২ডি সাইসমিক জরিপের জন্য মাঠপর্যায়ে ডাটা সংগ্রহের কাজ শেষ হয়েছে। ডাটা প্রসেসিং ও ইন্টারপ্রেটেনশনের কাজ চলমান রয়েছে। আশা করা হচ্ছে— আগামী বছরের এপ্রিলে প্রসেসিং ও ইন্টারপ্রেটেনশনের কাজ শেষ হবে।

সরকারের ১৫০ গ্যাসকূপ খনন ও সংস্কারের পরিকল্পনার অংশ হিসেবে ৮৯টির কাজ করবে বাপেক্স। প্রথম পর্যায় চলবে ২০২৮ সালের জানুয়ারি পর্যন্ত। এ পর্যায়ে মোট ৫০টি কূপের কাজের লক্ষ্যমাত্রার বিপরীতে বাপেক্স ২১টি কূপ খনন করবে।

দ্বিতীয় পর্যায় চলবে ২০২৮ সালের ফেব্রুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত। এ পর্যায়ে ১০০টি কূপের কাজের লক্ষ্য রয়েছে। এর মধ্যে বাপেক্স ৫২টি নতুন কূপ খনন ও ১৬টি কূপ সংস্কার করবে। বাপেক্সের তথ্য অনুযায়ী, এরইমধ্যে ১২টি কূপ খনন করা হয়েছে। এগুলো হলো টবগী-১, শ্রীকাইল নর্থ-১, শরীয়তপুর-১, ভোলা নর্থ-২, ইলিশা-১, সুন্দলপুর-৩, বেগমগঞ্জ-৪ ওয়েস্ট, জামালপুর-১, শ্রীকাইল-৫ এবং সুন্দলপুর-৪। তবে সুন্দলপুর সাউথ-১ এবং ভোলা নর্থ-৩ এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

এদিকে ভোলার কয়েকটি গ্যাসক্ষেত্রে উৎপাদিত গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা যাচ্ছে না। এ গ্যাস ব্যবহারের জন্য ভোলা-বরিশাল-খুলনা গ্যাস পাইপলাইন নির্মাণের বিষয়ে ডিপিপি প্রণয়নের কাজ চলছে।

বাপেক্সের জনবল কাঠামো ও পরিচালন সক্ষমতা সম্প্রসারণের বিষয়ে একটি কমিটি কাজ করছে। বর্তমানে প্রতিষ্ঠানটির অবকাঠামো ও জনবল দিয়ে একসঙ্গে অন্তত তিনটি ড্রিলিং রিগ পরিচালনা করা সম্ভব। এ সক্ষমতা বাড়িয়ে পাঁচটি রিগ একসঙ্গে পরিচালনার উপায় খতিয়ে দেখা হচ্ছে।

বর্তমানে বাপেক্সে কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে ১ হাজার ৮০ জন কর্মরত রয়েছেন। এ সংখ্যা বাড়িয়ে ১ হাজার ৬০০ জনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, কর্মকর্তা-কর্মচারীদের কারিগরি দক্ষতা বাড়াতে দেশি-বিদেশি প্রশিক্ষণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

বাপেক্সের কর্মকর্তারা জানিয়েছেন, বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে। তবে এ বিষয়ে সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। বিদেশি কোনো প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করার প্রস্তাব দিলে তাতে বাপেক্সের স্বার্থ ও সম্ভাব্য লাভের বিষয়টি মূল্যায়ন করা হবে।

বাপেক্সের কার্যক্রমকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় আনতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সহযোগিতায় একটি বিশদ ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করা হচ্ছে। যাতে আগামী ১০ বছরে অনুসন্ধান, কূপ খনন ও গ্যাস উৎপাদনের রূপরেখা নির্ধারণ করা থাকবে।

এদিকে বাপেক্সের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। নতুন পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারকে। পর্ষদের অন্য সদস্যরা হলেন— পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আখনুর রহমান, পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব এস এম মাহবুব আলম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এবং পেট্রোবাংলার সাবেক পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) মো. কামরুজ্জামান। এছাড়া পদাধিকার বলে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক সদস্য হিসেবে রয়েছেন।

নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর ২২ আগস্ট থেকে ২৬ অক্টোবর পর্যন্ত পাঁচটি সভা অনুষ্ঠিত হয়েছে। বাপেক্সের পরিচালনা বোর্ডের সদস্য ও পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান বলেন, বাপেক্সকে শক্তিশালী করতে যন্ত্রপাতি কেনা, জনবল কাঠামো সম্প্রসারণ এবং যৌথভাবে কাজ করার সুযোগ বিবেচনা করা হচ্ছে। এ জন্য যন্ত্রপাতি কেনারও একটি প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, অনুসন্ধান ও উন্নয়ন প্রকল্প বাড়ানো গেলে বাপেক্সের নিজস্ব আয় বাড়বে। এতে প্রতিষ্ঠানটির আর্থিক সক্ষমতা ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনার সামর্থ্য বাড়ানো সম্ভব হবে।

বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক বলেন, নতুন রিগ ও যন্ত্রপাতি কেনাসহ দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা তৈরির কাজ চলছে। পরিকল্পনায় আগামী ১০ বছরে অনুসন্ধান, খনন ও উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে। তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারেও বাপেক্সকে শক্তিশালী করার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে কীভাবে এগোনো যায়, তা নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেছেন। পরিকল্পনা কমিশন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং পেট্রোবাংলার সমন্বয়ে প্রকল্পগুলো এগিয়ে নেওয়া হচ্ছে।