গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড
কয়েকশ' কোটি টাকার ক্ষয়ক্ষতি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চালানো ধারাবাহিক সহিংস হামলায় গোপালগঞ্জে প্রায় ১০০টি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান, তিনজন সংসদ সদস্যের বাসভবন, থানা, যানবাহন ও সরকারি প্রতিষ্ঠান ভাঙচুর এবং অগ্নিসংযোগের শিকার হয়েছে। এতে কয়েকশ' কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংসযজ্ঞের ব্যাপকতা ছিল বিস্তৃত। পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত ১০টি যানবাহনে আগুন ধরিয়ে দেয়। সহিংসতা চলাকালে আরও ১৫টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়। তিনজন সংসদ সদস্যের বাসভবনেও আগুন দেওয়া হয় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মালিকানাধীন অন্তত ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়।
দু'টি থানায় আগুন দেওয়া হয়েছে। এছাড়া একটি হাসপাতালেও হামলা চালানো হয়। অগ্নিসংযোগ ও ভাঙচুরে হাসপাতালটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এতে সাধারণ মানুষ চিকিৎসাসেবা পাওয়া থেকে বঞ্চিত হয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থাপনা ও অবকাঠামোও ভাঙচুর করা হয়, যা সরকারি অবকাঠামোর ক্ষয়ক্ষতিকে আরও বাড়িয়ে দেয়।
ছাড়া প্রায় ১৫ থেকে ২০টি স্থানে বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। আট থেকে ১০টি স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়েও আগুন দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের সংকলিত একটি নথি অনুযায়ী, ১০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এসব ঘটনা ঘটেছে। নথিতে এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। নথিতে দেখা যায়, প্রথম সপ্তাহে ধারাবাহিক সহিংস ঘটনা ঘটে, ১৭ ও ১৯ নভেম্বর তা ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং পরবর্তী সময়ে ছোটখাটো হামলার ঘটনা ঘটে।
প্রথম ঘটনাগুলো ঘটে ১০ নভেম্বর। টুঙ্গিপাড়ায় বিক্ষোভকারীরা ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং পাটগাতী বাজারে যুবদল কার্যালয়ে হামলা চালায়। যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা একটি স্কুলের সামনে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে এবং তাতে আগুন ধরিয়ে দেয়।
ওইদিন গোপালগঞ্জ সদরে দুপুরে পৌর শিশু পার্কের কাছে পেট্রল ঢেলে একটি পণ্যবাহী ট্রাক ও একটি খাবার সরবরাহকারী ইজিবাইকে আগুন দেওয়া হয়। বিকেল ৪টার দিকে লঞ্চঘাট এলাকায় সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করা হয়। ১০ মিনিট পর আর্মড পুলিশ ব্যাটালিয়নের একজন সদস্যকে মারধর করা হয় এবং কাজুলিয়া ইউনিয়নে ছয়টি দোকান ভাঙচুর করা হয়। কাশিয়ানীতে চলন্ত একটি বাসের জানালা ও সামনের দিকের কাচ ভাঙচুর করা হয়। ১৫ নভেম্বর টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পাটগাতী বাজার ও নতুন বাজারে বিএনপির কার্যালয়সহ কয়েকটি দোকান ভাঙচুর করে। উপজেলা পরিষদের পেছনে বিএনপির একজন নেতার দোকান ও মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। শিশুপার্কের সামনে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়া হয় এবং পাটগাতীতে বিএনপির একজন নেতার বাড়িতে আগুন দেওয়া হয়। একই দিন দুপুর ১২টার দিকে সদরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি মিছিল থেকে 'শহীদ হাদি চত্বর'-এর নাম পরিবর্তন করে 'মুক্তিযুদ্ধ চত্বর' রাখা হয়। বিভিন্ন স্থানে ব্যানার পোড়ানো হয় এবং ইটপাটকেল নিক্ষেপ করা হয়। ১৬ নভেম্বর কোটালীপাড়ায় একটি মিছিল থেকে ককটেল নিক্ষেপ করা হয়। ১৭ নভেম্বর বিক্ষোভকারীরা টুঙ্গিপাড়া থানার চারটি গাড়ি ও কার্যালয় ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। রাত ৮টার দিকে নিলফা বাজারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চারটি গাড়িতে আগুন দেওয়া হয়। রাত ৯টার দিকে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের বাড়িসহ আরও ছয়টি বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ১৮ নভেম্বর গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাসভবনে হামলা চালানো হয়। নথিতে উপজেলার নাম উল্লেখ করা হয়নি। সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটে ১৯ নভেম্বর, চারটি উপজেলায়। মুকসুদপুরে উপজেলা পরিষদের সিসিটিভি ক্যামেরা, মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংকের মুকসুদপুর, বলগ্রাম ও বাটিকামারী শাখা এবং উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
