জিয়াউল আহসান তার দায়িত্বের প্রতি চরম বিশ্বাসঘাতকতা করেছেন
বললেন অ্যাটর্নি জেনারেল
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম-খুনে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান তার দায়িত্বের প্রতি চরম বিশ্বাসঘাতকতা করেছেন বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তি উপস্থাপনের তৃতীয় দিনে প্রসিকিউশন পক্ষে সমাপনী বক্তব্যে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, জিয়াউল আহসানের বিচার শুধুমাত্র কিছু ভুক্তভোগীর জন্যই ন্যায়বিচারের বিষয় নয়, এটি সমগ্র মানবতার প্রতি সংঘটিত অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করার বিচার।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ অ্যাটর্নি জেনারেল বলেন, অভিযুক্ত অপরাধী জিয়াউল আহসান যে অপরাধ করেছেন, তা শুধু আমাদের বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধেই অপরাধ নয়, তা আন্তর্জাতিক আইনেও অপরাধ ও সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে অপরাধ। তিনি আরও বলেন, সর্বাধিক মানুষ তার অপরাধের ভিকটিম। তার বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে স্বীকৃত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। তার অপরাধের শিকার শুধু ব্যক্তি নন, তার অপরাধ আঘাত করেছে মানুষের জীবন, মর্যাদা ও সমগ্র মানবসমাজের বিবেককে। তাই তার এই বিচার শুধুমাত্র কিছু ভুক্তভোগীর জন্যই ন্যায়বিচারের বিষয় নয়, এটি সমগ্র মানবতার প্রতি সংঘটিত অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করার বিচার।
অ্যাটর্নি জেনারেল বলেন, অভিযুক্ত আসামি একজন চাকুরিচ্যুত সেনাসদস্য। যে বাহিনীর দায়িত্ব ছিল মানুষকে রক্ষা করা, সেই বাহিনীর কিছু সদস্য যখন নিজের দেশের মানুষের ওপরই অস্ত্র তাক করেন, তখন তা শুধু দায়িত্বে অবহেলা বা ক্ষমতার অপব্যবহার থাকে না। মানুষকে তুলে নিয়ে যাওয়া, গোপন জায়গায় আটকে রাখা, নির্যাতন করা, গুলি করে হত্যা করা, লাশ গুম করা ও পরে সবকিছু অস্বীকার করা— এসব যখন বিচ্ছিন্ন ঘটনা না হয়ে বেসামরিক জনগণের বিরুদ্ধে ব্যাপক বা পদ্ধতিগত আক্রমণের অংশ হয়ে ওঠে, তখন তা মানবতাবিরোধী অপরাধের রূপ নেয়।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, এই মামলার সবচেয়ে বেদনাদায়ক দিক হলো যাদের জীবন ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব ছিল রাষ্ট্রের, তাদেরই অনেকে সেই রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করেছেন। একজন মানুষকে ধরে নিয়ে হত্যা করা হলে শুধু একজন মানুষ মারা যান না, তার সঙ্গে একটি পরিবারের স্বাভাবিক জীবনযাপনও ভেঙে পড়ে। একজন মা দিনের পর দিন সন্তানের ফেরার অপেক্ষায় থাকেন। একটি শিশু বাবার মুখ দেখার আশায় পথ চেয়ে থাকে, একজন সন্তান জানে না সে এতিম কিনা। একজন স্ত্রী জানেন না তিনি সধবা নাকি বিধবা, তার স্বামী কি বেঁচে আছেন, নাকি আর কোনো দিন ফিরবেন না। বছরের পর বছর তাদের কাছে কোনো উত্তর থাকে না। তাদের কোনো খবর থাকে না। শেষবারের মতো বিদায় জানানোর সুযোগটুকুও থাকে না। তাদের জানাজা, দাফন বা শেষকৃত্য হয় না। আইনের চোখে একজন মৃতব্যক্তিরও কিছু অধিকার আছে, যা সমাজের অন্যান্যরা পালন করতে বাধ্য।
মানবতাবিরোধী অপরাধের ভিকটিমরা জানাজা-দাফনের মতো ন্যূনতম মানবিক মর্যাদা থেকেও বঞ্চিত হয়েছেন। তাদের পরিবার পরিজনের অপেক্ষা, অনিশ্চয়তা ও অসহায়ত্ব কোনো আদালতের নথিতে, মামলার রেকর্ডে পুরোপুরি তুলে ধরা সম্ভব নয়। আন্তর্জাতিক আইন মানবতাবিরোধী অপরাধকে বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, যখন কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, নিরাপত্তা বাহিনী বা ক্ষমতাশালী গোষ্ঠী পরিকল্পিতভাবে সাধারণ মানুষের বিরুদ্ধে অপরাধ চালায়, তখন তার প্রভাব শুধু তাৎক্ষণিক ভুক্তভোগীদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তখন পুরো সমাজেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মানুষ নিজের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে। পরিবারগুলো ন্যায়বিচারের আশা হারায়। আইনের শাসন ও রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা ভেঙে যায়। সবচেয়ে বড় কথা, মানুষকে মানুষ হিসেবে দেখার যে ন্যূনতম মূল্যবোধ, সেটিই পদদলিত হয়। এই মামলায় তাই প্রশ্ন শুধু এই নয় যে অভিযুক্ত কোনো আইন ভঙ্গ করেছেন কি না। প্রশ্ন হলো, বেসামরিক মানুষের বিরুদ্ধে সংঘটিত হত্যা, অপহরণ, গোপন আটক, নির্যাতন ও গুম কি একটি বৃহত্তর আক্রমণের অংশ ছিল? এসব অপরাধে অভিযুক্তের ভূমিকা কী ছিল? তিনি কি এসব অপরাধে সরাসরি অংশ নিয়েছেন, নির্দেশ দিয়েছেন, সহায়তা করেছেন, অথবা অধস্তনদের অপরাধ সম্পর্কে জেনেও তা বন্ধ করতে বা দায়ীদের শান্তি দিতে ব্যর্থ হয়েছেন? প্রসিকিউশনের উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণ ও নথিপত্রের আলোকে ট্রাইব্যুনালকে এসব প্রশ্নের উত্তর নির্ধারণ করতে হবে।
রাষ্ট্রের অস্ত্র জনগণের নিরাপত্তার জন্য, জনগণের জীবন কেড়ে নেওয়ার জন্য নয় উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা মানুষের অধিকার রক্ষার জন্য, মানুষকে গুম করার জন্য নয়। কোনো পদ, দায়িত্ব, ইউনিফর্ম কিংবা রাষ্ট্রীয় দায়িত্ব প্রতিষ্ঠানের পরিচয় কাউকে এসব অপরাধ থেকে দায়মুক্তি দিতে পারে না। এ কারণেই আন্তর্জাতিক আইন মানবতাবিরোধী অপরাধকে বিশেষ গুরুত্ব দিয়েছে। কারণ, যখন কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, নিরাপত্তা বাহিনী বা ক্ষমতাশালী গোষ্ঠী পরিকল্পিতভাবে সাধারণ মানুষের বিরুদ্ধে এমন অপরাধ চালায়, তখন তার প্রভাব শুধু তাৎক্ষণিক ভুক্তভোগীদের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো সমাজে। মানুষ নিজের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে। পরিবারগুলো ন্যায়বিচারের আশা হারায়। আইনের শাসন ও রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা ভেঙে যায়। সবচেয়ে বড় কথা, মানুষকে মানুষ হিসেবে দেখার যে ন্যূনতম মূল্যবোধ, সেটিই পদদলিত হয়। অ্যাটর্নি জেনারেল বলেন, আমাদের এই বিচার নিহতদের জীবন ফিরিয়ে দিতে পারবে না। নিখোঁজ মানুষের পরিবারগুলোর হারানো বছরগুলো ফিরিয়ে দিতে পারবে না। যে মা তার সন্তানকে হারিয়েছেন, যে শিশু বাবাকে হারিয়েছে, যে স্ত্রী আজও স্বামীর অপেক্ষায় আছেন— তাদের কষ্টের প্রতিকার কোনো রায় দিতে পারবে না। তবু বিচার প্রয়োজন। কারণ, সত্যকে চিরদিন চাপা রাখা যায় না। মানুষের জীবনকে এভাবে মূল্যহীন করে দেওয়া যায় না। ক্ষমতার অপব্যবহার করে সংঘটিত অপরাধের দায় থেকে কেউ মুক্ত থাকতে পারে না। এই মামলার বিচার তাই শুধু বাংলাদেশের বিচার নয়; এটি আন্তর্জাতিক আইনের অধীনে সংঘটিত অপরাধের বিচার। এটি শুধু নিহত ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের ন্যায়বিচারের দাবিই নয়, এটি সমগ্র মানবতার পক্ষে জবাবদিহিতারও দাবি।
