নাশকতামূলক কর্মকাণ্ডে নিষিদ্ধ আ.লীগ জড়িত
সংশ্লিষ্ট আইনে পদক্ষেপ
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও জনমনে আতঙ্ক ছড়াতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণসহ নাশকতামূলক কর্মকাণ্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনগুলো জড়িত।
নাশকতার ঘটনাস্থল থেকে জনতার হাতে আটক হওয়ার পর পুলিশে সোপর্দ করা হয়েছে অনেককে। সুনির্দিষ্ট এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ ও বিস্ফোরক দ্রব্যাদি আইন, ১৯০৮-এ মামলা দায়ের করা হচ্ছে।
সংশ্লিষ্ট আইনে এসব অপরাধে কঠোর শাস্তির বিধান রয়েছে। অপরাধের ধরন ও সংশ্লিষ্টতা বিবেচনায় অভিযোগ প্রমাণিত হলে অপরাধীদের যাবজ্জীবন কারাদণ্ড অথবা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডও হতে পারে। এছাড়া সন্ত্রাসবিরোধী আইনের অধীন সব অপরাধ জামিন অযোগ্য। গত ৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের সময় হাতেনাতে দুজনকে আটক করে পুলিশ ও উপস্থিত লোকজন। আটক ব্যক্তিরা হলেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক উপসম্পাদক মো. ফয়সাল (২৯) ও সুকুমার হালদার (২৮)। অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জন ব্যক্তি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ও উপস্থিত লোকজন দুজনকে আটক করেন। এ ঘটনায় সূত্রাপুর থানায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৬(২)(উ)/১০/১২ ধারাসহ বিস্ফোরক দ্রব্যাদি আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় মামলা দায়ের করা হয়।
গত ২১ নভেম্বর রাত ১২টা ৫ মিনিটের দিকে ঢাকা কলেজের ভেতরে বিজয়-২৪ হল ও নর্থ হলের মাঝামাঝি জায়গায় একটি বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। হলের ছাত্ররা বের হয়ে এসে ঘটনাস্থলে যায়। পরে ঢাকা কলেজের সাধারণ ছাত্ররা প্রতিষ্ঠানটির শিক্ষার্থী আপেল মাহমুদ ও রায়হান আহমেদ নাহিকে আটক করে। এরপর উত্তেজিত ছাত্ররা তাদের মারধর করে প্রশাসনিক ভবনের সামনে নিয়ে যায়। সংবাদ পেয়ে নিউমার্কেট থানা পুলিশ এসে উত্তেজিত সাধারণ ছাত্রদের হাত থেকে তাদের হেফাজতে নেয়। এরপর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়।
এ ঘটনায় ঢাকা কলেজের কর্মকর্তা মো. আবু জায়েদ নিউমার্কেট থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। শুধু সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে বা ঢাকা কলেজ এলাকায় নয়, দেশকে অস্থিতিশীল করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ ও বিস্ফোরক দ্রব্যাদি আইন, ১৯০৮-এ মামলা দায়ের করছে। এসব মামলায় জড়িতদের গ্রেফতার করা হচ্ছে এবং সংশ্লিষ্ট আইনে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে।
সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৬ ধারায় সন্ত্রাসী কার্যক্রমের সংজ্ঞা ও শাস্তির বিধান উল্লেখ করা হয়েছে। আইনের ৬(১) ধারায় বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং সরকার, কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে কোনো কাজ করতে কিংবা করা থেকে বিরত রাখতে বাধ্য করার লক্ষ্যে সংঘটিত নির্দিষ্ট সহিংস কর্মকাণ্ডকে সন্ত্রাসী কার্য হিসেবে গণ্য করা হয়েছে।
এ ধারায় হত্যা, গুরুতর আঘাত, অপহরণ, সম্পত্তির ক্ষতিসাধন এবং এসব অপরাধ সংঘটনের উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ ও আগ্নেয়াস্ত্র ব্যবহার বা নিজ দখলে রাখার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
আইনের ৬(২) ধারার (ক) উপদফা অনুযায়ী, এ ধরনের সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে কাউকে হত্যা করলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। এছাড়া অতিরিক্ত অর্থদণ্ডের বিধান রয়েছে।
অন্যদিকে, একই ধারার (উ) উপদফা অনুযায়ী, সন্ত্রাসী কার্য সংঘটনের উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্য ব্যবহার বা দখলে রাখার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড অথবা চার থেকে ১৪ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে।
এ আইনের ৩৯(১) ও (২) ধারা অনুযায়ী, এর অধীন অপরাধগুলো আমলযোগ্য ও জামিন অযোগ্য। অর্থাৎ এসব অপরাধে পুলিশ সরাসরি মামলা ও তদন্ত করতে পারে। তবে জামিন অযোগ্য হওয়ার অর্থ এই নয় যে আদালত কোনো অবস্থাতেই জামিন দিতে পারবেন না। আইনের নির্ধারিত শর্ত ও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আদালত জামিনের আবেদন বিবেচনা করতে পারেন। বিস্ফোরক দ্রব্যাদি আইন, ১৯০৮-এ বিস্ফোরণ ঘটানো, বিস্ফোরক তৈরি, মজুত ও ব্যবহারের বিষয়ে কঠোর শাস্তির বিধান রয়েছে।
আইনের ৩ ধারায় কোনো ব্যক্তি যদি বেআইনিভাবে বা বিদ্বেষমূলকভাবে কোনো বিস্ফোরক দ্রব্যের দ্বারা এমন প্রকৃতির বিস্ফোরণ ঘটায়, যা জীবন বিপন্ন করতে বা ব্যক্তি কিংবা সম্পত্তির গুরুতর ক্ষতি সাধন করতে পারে, এ ক্ষেত্রে প্রকৃতপক্ষে ব্যক্তি বা সম্পত্তির কোনো ক্ষতি সাধিত হয়েছে কিনা তা বিবেচ্য নয়, এতে জড়িত ব্যক্তি মৃত্যুদণ্ডে, অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে, এর সাথে অর্থদণ্ড যোগ করা হতে পারে, অথবা পাঁচ বৎসরের কম নয় কিন্তু দশ বৎসর পর্যন্ত যেকোনো মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হবে, এরসাথে অর্থদণ্ড যোগ করা হতে পারে।
আইনের ৪ ধারায় জীবন বিপন্ন করার উদ্দেশ্যে বিস্ফোরক তৈরি, মজুত, নিজ হেফাজতে রাখা কিংবা বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতি বা চেষ্টার অপরাধে তিন বৎসরের কম নহে কিন্তু বিশ বৎসর পর্যন্ত যেকোনো মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় হইবে, যাহার সহিত অর্থদণ্ড যোগ করা যাইতে পারে।
আইন বিশেষজ্ঞদের মতে, বিস্ফোরক ব্যবহার করে নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় অপরাধের উদ্দেশ্য, সংশ্লিষ্ট ব্যক্তির ভূমিকা, বিস্ফোরকের ব্যবহার এবং ক্ষয়ক্ষতির ধরন বিবেচনায় উপযুক্ত আইনের ধারা প্রয়োগ করতে হয়। একই ঘটনায় একাধিক আইনের সংশ্লিষ্ট বিধানও প্রযোজ্য হতে পারে।
তাদের মতে, জননিরাপত্তা বিঘ্নিত করে আতঙ্ক সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ, নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সামসুদ্দোহা সুমন বলেন, ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও জননিরাপত্তা বিঘ্নিত করা গুরুতর ফৌজদারি অপরাধ। এ ধরনের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এবং বিস্ফোরক দ্রব্যাদি আইন, ১৯০৮-এর সংশ্লিষ্ট ধারায় কঠোর শাস্তির বিধান রয়েছে। অপরাধের গুরুত্ব ও প্রমাণের ভিত্তিতে দোষীদের সর্বোচ্চ শাস্তি হতে পারে।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির যে কোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
নাশকতামূলক কর্মকাণ্ডে যারাই জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না। নগরীর গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্যাদি আইনসহ প্রাসঙ্গিক অন্যান্য ধারায় নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে।
