
প্রস্তাবিত বাজেটের সামগ্রিক কাঠামোকে দুর্বল বলেছে বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি। যেখানে স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের বরাদ্দের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়নি বলে জানায় সংস্থাটি। এছাড়া অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ অন্যদের প্রতি বৈষম্য বলেও মনে করছে তারা। গতকাল শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানায় সিপিডি। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে, যার মধ্যে এনবিআরের মাধ্যমে আসবে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। গতকাল শুক্রবার বাজেট পর্যালোচনায় সিপিডি জানিয়েছে, প্রস্তাবিত বাজেটের কিছু জায়গা ইতিবাচক হলেও কিছু জায়গা উদ্বেগের। বাজেটে দেশীয় শিল্প ও গতানুগতিক অর্থনীতির জন্য বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ থাকলেও মূল প্রতিপাদ্য জীবন-জীবিকা রক্ষার স্বচ্ছ রূপরেখা দেখছে না সিপিডি। সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, করোনার এই পরিস্থিতিতে স্বাস্থ্য খাতের বরাদ্দ উল্লেখযোগ্য নয়। অন্যদিকে, করোনাকালে কাজ হারানো মানুষের জন্য বাজেটে কোনো নির্দেশনা নেই। এছাড়া রাজস্ব আদায়ের বিষয়ে কাঠামোগত দুর্বলতা দেখছে তারা। সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমানের মতে, অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগে ন্যায়সঙ্গত নয় এবং এর ফলে প্রতিনিয়ত যে বৈষম্য সৃষ্টি হয় তা দূর করার কোনো প্রতিফলন দেখা যায়নি বাজেট। তিনি বলেন, এবার অর্থনীতির প্রায় সব জায়গায় স্বস্তির একটি জায়গা থেকে বাজেট দেওয়ার সুযোগ ছিল। কিন্তু দুর্বল অনুমিতির ওপর প্রাক্কলন বাজেটকে কাঠামোগত দুর্বল করে দিয়েছে। তিনি বলেন, এ বাজেটকে করোনাকালীন বাজেট বলা হলেও স্বাস্থ্য বা শিক্ষা খাতে তার প্রতিফলন তারা দেখছেন না। কর্মসংস্থান সৃষ্টি করা বা মহামারিতে যারা নতুন করে দারিদ্র্যে পড়েছে,তাদের বিষয়েও বাজেটে তেমন কিছু নেই। সামাজিক নিরাপত্তা খাতের বাজেটে সরকারি কর্মকর্তাদের পেনশন যুক্ত করে বড় দেখানোর প্রবণতার সমালোচনা করে মোস্তাফিজুর রহমান বলেন, পেনশন বাদ দিলে এ খাতে থাকে মাত্র বাজেটের ২ দশমিক ৪ শতাংশ। এই বরাদ্দ করোনা অতিমারির এই সময়ে সাধারণ মানুষের জীবন-জীবিকার সমাধান করতে পারবে বলে আমি মনে করি না। তিনি বলেন, আয় বৈষম্য, ভোগ বৈষম্য এবং সম্পদ বৈষম্য দূর করাই বাজেটের দর্শন। সেটাই প্রস্তাবিত বাজেটে অনুপস্থিত। সিপিডের গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম বলেন, প্রস্তাবিত বাজেটে যাদের জন্য বরাদ্দ প্রয়োজন তাদের দেওয়া হয়নি। আবার যার দরকার নেই, তাকেও দেওয়া হয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে বাজেটে আরও সচেতনতার প্রয়োজন ছিল মনে করেন তিনি। করমুক্ত আয়সীমা বাড়ানো হলে তাদের ব্যয়ও সহজ হতো। অন্যথায় রাজস্ব আহরণ কঠিন হবে বলে জানায় সংস্থাটি। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কর-ছাড়ের সুবিধা যথেষ্ট নয় মনে করছে সিপিডি। করোনার মহামারিতে তাদের ঘুরে দাঁড়াতে ৫০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণার তাগিদ দিয়েছে সংস্থাটি।