বসন্তে যে কারণে অ্যালার্জির প্রকোপ বাড়ে

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্বাস্থ্য ডেস্ক

বসন্তের অ্যালার্জির প্রধান কারণ বাতাসে ভেসে বেড়ানো পরাগরেণু বা পোলেন। গাছ, ফুল ও ঘাস থেকে এসব ক্ষুদ্র কণিকা বাতাসে ছড়িয়ে পড়ে এবং শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করে। যাদের রোগ প্রতিরোধব্যবস্থা এসব কণিকাকে ক্ষতিকর হিসেবে ধরে নেয়, তাদের শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দেয়। এ ছাড়া ধুলাবালু, ছত্রাকের স্পোর বা পোষা প্রাণীর লোমও অ্যালার্জির উপসর্গ বাড়িয়ে দিতে পারে। বসন্তকালের অ্যালার্জির লক্ষণ সাধারণত সর্দি-কাশির মতো হলেও কিছু পার্থক্য রয়েছে। যেমন বারবার হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, চোখ লাল হয়ে যাওয়া বা চুলকানো, গলা খুসখুস করা এবং কখনও কখনও মাথাব্যথা বা ক্লান্তি। অনেক সময় এসব উপসর্গ কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে, বিশেষ করে যখন বাতাসে পরাগরেণুর মাত্রা বেশি থাকে।