ডায়াবেটিস : আমাদের করণীয়
ডা. পীযূষ কান্তি বড়ুয়া
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

বিশ্বজুড়ে ডায়াবেটিস একটি দ্রুত বিস্তারলাভকারী ব্যাধি, যা মোকাবিলা ও প্রতিরোধে জনসচেতনতা তৈরি করা জরুরি। সেই লক্ষ্যকে সামনে রেখে ১৯৯১ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন একমত হয়ে ১৪ নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা দেয় ও উদযাপন করে। সেই থেকে প্রতিবছর একটি সুনির্দিষ্ট প্রতিপাদ্য তৈরি করে বিশ্বজুড়ে এ দিবসটি পালন করা হয়। একই দিন বিজ্ঞানী ফ্রেডেরিক ব্যান্টিংয়ের জন্মদিন। তিনি এবং বিজ্ঞানী চার্লস বেস্ট একত্রে ডায়াবেটিসের বিরুদ্ধে ইনসুলিন আবিষ্কার করেছিলেন।
সারাবিশ্বে বিপুলসংখ্যক জনগোষ্ঠী বর্তমানে ডায়াবেটিসের শিকার। ২০২১ সালের হিসাব অনুযায়ী, চীন, ভারত ও পাকিস্তান ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যার দিক থেকে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। চীনে ১৭৪ মিলিয়নের অধিক, ভারতে ১২৪ মিলিয়নের অধিক এবং পাকিস্তানে ৬২ মিলিয়নের অধিক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্যমতে, ২০১৭ সালেই সারাবিশ্বে ৪২৫ মিলিয়ন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ছিল। এর মধ্যে শতকরা ৯০ ভাগ ছিল প্রাপ্তবয়স্ক।
ডায়াবেটিসের ইতিহাস : ডায়াবেটিসের ইতিহাস ঘাঁটতে গেলে দেখা যায়, গ্রিক শব্দ 'ডায়াবেটিস' এবং ল্যাটিন শব্দ 'মেলাইটাস'-এর সমন্বয়ে ডায়াবেটিস মেলাইটাস নামের উৎপত্তি। ডায়াবেটিস শব্দের অর্থ কোনো কিছুর মধ্য দিয়ে প্রবাহিত হওয়া এবং মেলাইটাস অর্থ মধু বা মিষ্টিযুক্ত। খ্রিষ্টীয় সপ্তদশ শতকে একে 'শয়তানের মূত্রত্যাগ' নামে অভিহিত করা হতো। খ্রিষ্টপূর্ব ২৫০ সালে মেমফিসের অ্যাপোলোনিয়াস প্রথম ডায়াবেটিস শব্দের প্রচলন করেন। খ্রিষ্টীয় ১৪২৫ সালে চিকিৎসাবিজ্ঞানের বইতে ডায়াবেটিসকে অন্তর্ভুক্ত করা হয়।
শুশ্রুত, অরাতিউস, থমাস উইলিয়াম প্রমুখ ব্যক্তিবর্গ ডায়াবেটিসের চিকিৎসায় অগ্রপথিক ছিলেন। শুশ্রুত একে মধুমেহ বলে আখ্যা দেন। জোসেফ ফন মেরিং এবং মিনকোয়াস্কি ১৮৮৯ সালে ডায়াবেটিসের সঙ্গে অগ্ন্যাশয়ের সম্পর্ক আবিষ্কার করেন। ১৯২২ সালের জানুয়ারি মাসে লিওনার্ড থম্পসন প্রথম ব্যক্তি হিসেবে ইনসুলিনের ইনজেকশন গ্রহণ করেন। তখন তার বয়স ছিল মাত্র ১৪ বছর। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার আগে তার বয়স হয়েছিল মাত্র ১৭ বছর।
ডায়াবেটিসের ধরন : টাইপ-১ ডায়াবেটিসকে তারুণ্যের ডায়াবেটিসও বলা হয়। এতে দেহে ইনসুলিনের ঘাটতি দেখা দেয় এবং অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস ইনসুলিন তৈরি করতে পারে না। এ ধরনের ডায়াবেটিসেরও কোনো নির্মূল নেই, তবে নিয়ন্ত্রণ আছে।
টাইপ-২ ডায়াবেটিসে অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না এবং কোষগুলো সেই ইনসুলিন ব্যবহার করে রক্ত থেকে গ্লুকোজ টেনে নেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলে।
টাইপ-২ ডায়াবেটিসের কোনো নির্মূল না থাকলেও অতিরিক্ত দৈহিক ওজন কমিয়ে, খাদ্যগ্রহণে শৃঙ্খলা এনে এবং অতিরিক্ত ক্যালরি পোড়ানোর জন্য শারীরিক ব্যায়ামের মাধ্যমে একে নিয়ন্ত্রণে রাখা যায়।
উপসর্গসমূহ : অতিরিক্ত পিপাসা, অতিরিক্ত মূত্রত্যাগের প্রবণতা, অতিরিক্ত ক্ষুধা, ওজন হ্রাস, ক্লান্তি, ঝাপসা দৃষ্টি, ক্ষত নিরাময়ে ধীরগতি, ঘন ঘন জীবাণুর সংক্রমণ, হাতে-পায়ে অবশভাব ও ঝিনঝিন বোধ, স্নায়ুকেন্দ্রিক জ্বালাপোড়া বৃদ্ধি এবং বগল, গলা প্রভৃতি স্থানের ত্বকে কালো বর্ণের ছাপ তৈরি হওয়া।
