ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে গত সপ্তাহে একাধিক ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজদের সন্ধান চলছে বলে এক দুর্যোগ কর্মকর্তা জানিয়েছেন। বানজারনেগারা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, গত শনিবার জাভা প্রদেশের বানজারনেগারা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটে।
এতে ৪৮টি বাড়ি ধ্বংস হয়ে যায়। বিএনপিবি’র মুখপাত্র আবদুল মুহারি গত বৃহস্পতিবার রাতে জানান, সেনাবাহিনী, পুলিশ, অনুসন্ধান ও উদ্ধার দল এবং স্বেচ্ছাসেবকসহ ৭০০-এরও বেশি কর্মীকে বানজারনেগারায় মোতায়েন করা হয়েছে। এছাড়া ট্র্যাকিং কুকুরও ব্যবহার করা হচ্ছে।
তিনি বলেন, যৌথ অনুসন্ধান ও উদ্ধার দল ভূমিধসে নিহত সাতজনের মৃতদেহ উদ্ধার করেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আর ১৮ জনের সন্ধান এখনও চলছে। মুহারি বলেন, প্রায় ১ হাজার মানুষ ওই জেলা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
