মিশরের গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাসের বৈঠক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

মিশরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদের সঙ্গে কায়রোতে বৈঠক করেছে গাজার নিয়ন্ত্রকগোষ্ঠী হামাসের প্রতিনিধি দল। অবরুদ্ধ গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি নিহতের পর যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি নিয়ে আলোচনা করতে উচ্চপর্যায়ের বৈঠকটি হয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরায় গতকার সোমবার প্রকাশিত প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। হামাস জানিয়েছে, এসব হামলা বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তিকে হুমকির মুখে ফেলছে।

গত রোববার প্রকাশিত বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি জানায়, তারা যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে ইসরায়েলের ‘অব্যাহত লঙ্ঘন’ যুদ্ধবিরতিকে দুর্বল করে দিচ্ছে বলে অভিযোগ করে তারা। হামাসের নির্বাসিত গাজাপ্রধান খালিল আল-হায়্যাকে নিয়ে গঠিত প্রতিনিধি দলটি মধ্যস্থতাকারীদের তত্ত্বাবধানে একটি ‘স্পষ্ট ও সংজ্ঞায়িত প্রক্রিয়া’ তৈরির আহ্বান জানায়, যাতে প্রতিটি লঙ্ঘন নথিভুক্ত করা যায় এবং তাৎক্ষণিকভাবে বন্ধ করা যায়। মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি বজায় রাখতেই এই প্রচেষ্টা বলে হামাস জানিয়েছে।