মিয়ানমারের আরও চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারে পরিচালিত অনলাইন প্রতারণা কেন্দ্রের সঙ্গে জড়িত কুখ্যাত বাই পরিবারের আরও চার সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

গত বছরের নভেম্বর মাসে ওই আদালত পরিবারের প্রধান বাই সুওচেংসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দেন। তবে সাজা ঘোষণার পর অসুস্থ হয়ে বাই সুওচেং মারা যান বলে জানায় রাষ্ট্রীয় গণমাধ্যম। এর আগে গত সপ্তাহে চীন মিং পরিবারের ১১ সদস্যকে মৃত্যুদণ্ড দেয়। দক্ষিণ-পূর্ব এশিয়ায় অনলাইন প্রতারণা দমনের অংশ হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে বাই, মিংসহ কয়েকটি পরিবার মিয়ানমারের সীমান্তবর্তী শহর লাউক্কাইং নিয়ন্ত্রণ করতো। সেখানে তারা ক্যাসিনো, পতিতালয় ও সাইবার প্রতারণা কেন্দ্র পরিচালনা করত। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বাই পরিবার ছিল সবচেয়ে প্রভাবশালী। পরিবারের প্রধানের ছেলে একসময় রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছিলেন, তাদের পরিবার ছিল নাম্বার ওয়ান। কর্তৃপক্ষ জানায়, বাই পরিবার নিজেদের মিলিশিয়া বাহিনী গড়ে তোলে এবং ৪১টি কম্পাউন্ড তৈরি করে, যেখানে অনলাইন প্রতারণা ও ক্যাসিনো পরিচালিত হতো।