গাজা শান্তি পরিকল্পনা
চলতি মাসে প্রথম বৈঠকে বসবে ‘বোর্ড অব পিস’
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে গাজা উপত্যকার শাসনব্যবস্থা তদারকির দায়িত্ব নিয়েছে ‘বোর্ড অব পিস’। চলতি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তাদের প্রথম বৈঠকে বসতে যাচ্ছে। অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে। গত শুক্রবার অ্যাক্সিওস এক মার্কিন কর্মকর্তা এবং বোর্ডের সদস্যভুক্ত চারটি দেশের কূটনীতিকদের উদ্ধৃত করে জানিয়েছে, ১৯ ফেব্রুয়ারি বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এই পরিকল্পনার তারিখ এখনো চূড়ান্ত নয়। তারিখ পরিবর্তন হতে পারে। বৈঠকটি একই সঙ্গে দখলদার ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া অঞ্চলটির পুনর্গঠনের জন্য তহবিল সংগ্রহের অনুষ্ঠান হিসেবেও কাজ করবে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে নির্ধারিত বৈঠকের পরের দিন এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদি নেতানিয়াহু ‘বোর্ড অব পিস’-এর বৈঠকে অংশ নেন তবে এটি হবে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর আরব ও মুসলিম নেতাদের সঙ্গে তার প্রথম কোনো বৈঠক। এ বিষয়ে হোয়াইট হাউস এবং মার্কিন পররাষ্ট্র দফতর কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। সমালোচকরা ট্রাম্পের এই শান্তি বোর্ডকে একটি ঔপনিবেশিক প্রশাসনিক কাঠামোর সঙ্গে তুলনা করেছেন।
