নিউইয়র্কবাসীকে নবী (সা.)-এর হিজরতের গল্প শোনালেন মামদানি

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

অভিবাসন ইস্যুতে দেওয়া বক্তব্যে ইসলামী ইতিহাস টেনে ভিন্নভাবে আলোচনায় এসেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে সহমর্মিতা ও আশ্রয়ের পক্ষে যুক্তি তুলে ধরতে মহানবী হয়রত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর হিজরতের বিষয়টি টানেন মামদানি। গত শুক্রবার একটি আন্তধর্মীয় প্রাতরাশ সভায় মামদানি বলেন, আমি আমার নিজ ধর্ম ইসলামকে দেখি একটি অভিবাসনের কাহিনির ওপর প্রতিষ্ঠিত ধর্ম হিসেবে। তিনি বলেন, হিজরতের কাহিনি আমাদের স্মরণ করিয়ে দেয়, মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিজেও একজন পরবাসী ছিলেন। যিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আশ্রয় পেয়েছিলেন। নিউইয়র্ক সিটির মেয়র অভিবাসীদের সুরক্ষা জোরদার করা এবং সিটি সম্পত্তিতে ফেডারেল অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম সীমিত করার লক্ষ্যে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। তিনি বলেন, এটি অভিবাসী সম্প্রদায়, ব্যক্তিগত গোপনীয়তা এবং জননিরাপত্তার প্রতি শহরের প্রতিশ্রুতির প্রকাশ। মামদানি বলেন, আমি এমন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করছি, যা শুধু আমাদের অভিবাসী নিউইয়র্কবাসীদের নয়। বরং সব নিউইয়র্কবাসীকেই অবৈধ ও নিপীড়নমূলক অভিবাসন প্রয়োগ থেকে সুরক্ষা দেবে।