পশ্চিমবঙ্গে বাবরি মসজিদের কাজ শুরু আজ
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় আজ বুধবার কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হচ্ছে বাবরি মসজিদ নির্মাণের কাজ। এমনটাই জানিয়েছেন তৃণমূলের নেতা এবং জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। আগামী দুই বছরের মধ্যে এই নির্মাণকাজ শেষ হবে বলেও জানিয়েছেন তিনি। জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান বেলডাঙ্গার বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির বলেন, আজসকাল ১০টার সময় শুরু হবে কোরআন তেলাওয়াত। ১ হাজার ২০০ মাওলানা, মুফতি হাফেজ দিয়ে কোরআন তেলওয়াত করার পর ১২টা থেকে সাড়ে ১২টার পর মসজিদ নির্মাণের কাজ শুরু হবে। হুমায়ূন কবির আরও বলেন, আমার জীবন শেষ হয়ে গেলেও আমি মসজিদ নির্মাণের কাজ থামাব না। আমি বাবরি মসজিদ নির্মাণ করব বলেছি। আমি বাবরি মসজিদ নির্মাণ করবই। কারও ক্ষমতা নেই যে, বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি করার বিষয়ে বাধা দেবে। জানা গেছে, এরই মধ্যে বাবরি মসজিদ নির্মাণের জন্য প্রকৌশলীর এবং নির্মাণ শ্রমিক মুর্শিদাবাদে এসে উপস্থিত হয়েছেন। মসজিদ নির্মাণকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সাজ সাজ রব পড়ে গেছে।
এছাড়াও মসজিদ নির্মাণের কাজ শুরু হওয়ার পরের দিন বৃহস্পতিবার সকাল ৯টায় নদীয়া জেলার পলাশী থেকে ২৩৫ কিলোমিটার ‘বাবরি যাত্রা’ শুরু করবেন হুমায়ুন কবির। সেই যাত্রা শুক্রবার উত্তর দিনাজপুর জেলার ইটাহারে গিয়ে শেষ হবে। তবে এই বাবরি মসজিদ নির্মাণ নিয়ে রাজ্যের রাজনীতি বেশ সরগরম হয়ে উঠেছে। এরই মধ্যে বিশ্ব হিন্দু রক্ষা কমিটি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়ে ঘোষণা দিয়েছে যে, তারা এই বাবরি মসজিদ হতে দেবে না। যদিও এ বিষয়ে হুমায়ূন কবির বলেন, হিন্দুদের সঙ্গে আমার কোনো বিরোধিতা নেই। আমি তাদের বিরুদ্ধে কিছু বলতে চাই না। কেউ যদি এগিয়ে এসে বাবরি মসজিদ ভাঙার চেষ্টা করে তবে তারা ব্যাপারটা বুঝতে পারবে।
