পশ্চিম তীরে দখলদারত্ব নিয়ে ইসরায়েলকে ৮৫ রাষ্ট্রের নিন্দা
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইসরাইলের দখলদারত্ব সম্প্রসারণ এবং ভূমি দখলের পরিকল্পনার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘভুক্ত ৮৫টি সদস্য রাষ্ট্র। গত মঙ্গলবার জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর এই রাষ্ট্রসমূহ এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার পক্ষে একটি যৌথ বিবৃতি দেন। বিবৃতিতে ইসরাইলের একতরফা সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানানো হয়েছে।
সম্প্রতি ইসরাইল ১৯৬৭ সালের পর প্রথমবারের মতো পশ্চিম তীরের ‘এরিয়া সি’ অঞ্চলে ভূমি নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, এই অঞ্চলটি পশ্চিম তীরের মোট ভূখণ্ডের প্রায় ৬০ শতাংশজুড়ে বিস্তৃত। ফিলিস্তিনি রাষ্ট্রদূত সতর্ক করে বলেছেন, এ ধরনের পদক্ষেপ ওই অঞ্চলের জনতাত্ত্বিক কাঠামো ও মর্যাদা পরিবর্তনের অপচেষ্টা, যা শান্তি প্রক্রিয়ার পথে বড় বাধা।
এই নিন্দা প্রস্তাবে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ফ্রান্স, পাকিস্তান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন এবং ওআইসির মতো সংস্থাও এই অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও এই পরিকল্পনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইলের এই ভূমি নিবন্ধন পরিকল্পনা ফিলিস্তিনিদের তাদের নিজস্ব সম্পত্তি থেকে উচ্ছেদ করবে এবং পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে।
তিনি ২০২৪ সালে আন্তর্জাতিক আদালতের (আইসিজে) দেওয়া সেই ঐতিহাসিক রায়ের কথা স্মরণ করিয়ে দেন, যেখানে পশ্চিম তীরে ইসরাইলের উপস্থিতি এবং বসতি স্থাপনকে অবৈধ ঘোষণা করা হয়েছিল। বর্তমানে পশ্চিম তীরের প্রায় ৩০০টি অবৈধ বসতিতে ৪ লাখ ৬৫ হাজারেরও বেশি ইসরাইলি বসতি স্থাপনকারী বসবাস করছে।
