ফের মুখ থুবড়ে পড়ল ভারতের তেজস যুদ্ধবিমান

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ফের মুখ থুবড়ে পড়লো ভারতের তেজস যুদ্ধবিমান। চলতি মাসের শুরুতে একটি বিমানঘাঁটিতে অবতরণের সময় ভারতীয় বিমানবাহিনীর একটি তেজস লাইট কমব্যাট এয়ারক্রাফট (এলসিএ) দুর্ঘটনার শিকার হয়। গতকাল রোববার এ তথ্য প্রকাশ্যে এনেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস।

বিমানবাহিনীর সূত্র জানায়, প্রশিক্ষণ উড্ডয়ন শেষে অবতরণের সময় যুদ্ধবিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পুরোপুরি বাতিল হিসেবে গণ্য হতে পারে। তবে পাইলট গুরুতর আঘাত ছাড়া প্রাণে বেঁচে গেছেন। দুর্ঘটনায় পতিত যুদ্ধবিমানটি ভারতের রাষ্ট্রায়ত্ত নির্মাতা সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডের (এইচএএল) তৈরি। সংস্থাটি এ ধরনের ৩২টি এক আসনের তেজস যুদ্ধবিমান সরবরাহ করেছিল। ভারতীয় বিমানবাহিনী আরও উন্নত এমকে-১এ সংস্করণের ১৮০টি তেজস বিমানের অর্ডার দিয়েছিল।