লেবাননেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ লেবাননের ইকলিম আল-তুফাহ অঞ্চলের ব্লাত ও ওয়াদি বারঘৌতি এলাকায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ২০২৪ সালের নভেম্বর মাসে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-এর মধ্যে হওয়া যুদ্ধবিরতির পর এটিই বড় ধরনের হামলা।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। তবে স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, চলমান প্রায় প্রতিদিনের হামলায় বেসামরিক এলাকা ও অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অধিকাংশ হামলা বনাঞ্চল ও পাহাড়ি খোলা জায়গায় হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের আকাশে টহল দিচ্ছে। হিজবুল্লাহ-ঘনিষ্ঠ আল-মানার টিভি জানিয়েছে, মার্কাবা শহরে ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন থেকে বিস্ফোরক নিক্ষেপ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বেকা উপত্যকায় পৃথক হামলায় এক ব্যক্তি নিহত ও ২৯ জন আহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কফর দান এলাকায় হামলায় ১৬ বছর বয়সি এক সিরীয় কিশোর নিহত হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতির পরও ইসরায়েলের হামলায় ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে ১২৭ জন বেসামরিক। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া সংঘাতে লেবাননে চার হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার আহত হয়েছেন।