‘নেতানিয়াহুর বৈঠকের স্থানগুলো ইরানের জানা আছে’

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইরানের শহীদ সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা ও সহকারী জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর খেলার পুতুল।

তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলো মার্কিন-ইসরায়েলি হামলার আগেই খালি করে রাখা হয়েছিল এবং এছাড়াও হামলার টার্গেট হিসেবে বিবেচিত অনেক কেন্দ্র আগেও খালি করে রাখা হয়েছিল ফলে তারা এমন সব ভবন ও কেন্দ্রে হামলা চালিয়ে ধ্বংস করেছে যেখানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ও স্বেচ্ছাসেবী বাসিজ নামক গণ-বাহিনীর কেউই ছিলেন না।

ইরানের বার্তা সংস্থা ইসনার প্রতিবেদনে আরও বলা হয়েছে, টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে রহিম সাফাভি বলেছেন: আমার রাজনৈতিক বিশ্লেষণ হল ট্রাম্প নেতানিয়াহুর হাতের পুতুলে পরিণত হয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের স্বার্থের জন্য বলি দিচ্ছেন। অনেক মার্কিন রাজনীতিবিদ বলছেন যে কেন মার্কিন করদাতাদের অর্থ ও সেনাদের জীবন ইসরায়েল ও নেতানিয়াহুর জন্য উৎসর্গ করা হচ্ছে? নেতানিয়াহু ট্রাম্পকে বুঝিয়েছেন যে ১২ দিনের যুদ্ধের পর ইরান দুর্বল হয়ে পড়েছে, কিন্তু বাস্তবে আমরা শত গুণ বেশি শক্তিশালী হয়েছি। রহিম সাফাভি ট্রাম্প ও নেতানিয়াহুকে বিশ্বের ও মুসলমানদের নিরাপত্তার জন্য চরম অনিষ্টকর বলে উল্লেখ করে বলেছেন, ১২ দিনের যুদ্ধের পর ওরা আবারও মিথ্যাচার ও প্রতারণার আশ্রয় নেবে বলে আমরা ভবিষ্যদ্বাণী করছিলাম। কিন্তু ইরান দেশবাসী ও বিশ্ববাসীকে এটা দেখাতে চেয়েছিল যে আমরা শান্তি ও আলোচনায় বিশ্বাসী ছিলাম।