ইসরায়েলি শহর এবং ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলি শহর এবং ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, তারা রাতভর ইসরায়েলি শহর ও ঘাঁটিতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। খবর আল জাজিরার।

এর মধ্যে রয়েছে উত্তর ইয়া’রা ব্যারাকে ড্রোন হামলা, বেইত লিড ঘাঁটি, তেল আবিবের কাছে গ্লিলোট ঘাঁটি এবং হাইফার কাছে আটলিট ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা। হিজবুল্লাহ জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের ওপর কামান নিক্ষেপ করেছে এবং ইসরায়েলি শহর নাহারিয়ায় ড্রোন ও রকেট নিক্ষেপ করেছে। গোষ্ঠীটি আরও দাবি করেছে যে, বুধবার মেরন এয়ার অপারেশনস কমান্ড অ্যান্ড কন্ট্রোল ঘাঁটিতে তাদের চালানো ড্রোন হামলার ফলে ‘একটি রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে’। এদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করার ক্ষেত্রে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনটি শর্ত তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে, ইরানের অধিকারের স্বীকৃতি, ক্ষতিপূরণ প্রদান ও ভবিষ্যতে হামলা রোধে আন্তর্জাতিক নিশ্চয়তা অন্তর্ভুক্ত থাকতে হবে।