‘রাশিয়ার তেল ছাড়া বিশ্ববাজারে স্থিতিশীলতা সম্ভব নয়’

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার তেল ছাড়া বিশ্বের তেলের বাজার স্থিতিশীল থাকতে পারবে না। ইরানের সঙ্গে যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল রফতানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার পর এমন মন্তব্য করেছেন রাশিয়ার অর্থনৈতিক দূত কিরিল দিমিত্রিভ। তিনি টেলিগ্রামে লিখেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র কার্যত স্বীকার করছে যে, রাশিয়ার তেলের ছাড়া বৈশ্বিক শক্তি বাজার স্থিতিশীল থাকতে পারবে না।’ গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল’ অনলাইনে প্রকাশিত এক চিঠিতে রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। চিঠিতে জানানো হয়েছে, রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যবাহী জাহাজ আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিনা বাধায় বিশ্বব্যাপী চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।