মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে ১০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে উত্তর কোরিয়া জাপান সাগরের দিকে প্রায় ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গতকাল শনিবার স্থানীয় সময় দুপুর প্রায় ১টা ২০ মিনিটে উত্তর কোরিয়ার সানান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয় এবং সেগুলো প্রায় ৩৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জাপান সাগরের দিকে পড়ে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ ক্ষেপণাস্ত্রগুলোর সুনির্দিষ্ট বৈশিষ্ট্য বিশ্লেষণ করছে বলে জানানো হয়েছে।

এদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো সর্বোচ্চ প্রায় ৮০ কিলোমিটার উচ্চতায় পৌঁছেছিল এবং জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে সাগরে পড়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় এই ঘটনাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘনকারী উসকানি হিসেবে আখ্যা দিয়েছে এবং পিয়ংইয়ংকে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছে।