‘ইমরান খানকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের তৈরি সেলে রাখা হয়েছে’

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের মুক্তির দাবিতে জাতিসংঘে আবেগঘন আবেদন জানিয়েছেন তার ছেলে কাসিম খান। গত বৃহস্পতিবার জাতিসংঘ মানধাবিধাকার কাউন্সিলে বক্তব্য দিতে গিয়ে কাসিম দাবি করেন, তার বাবাকে একপ্রকার মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিদের মতো একাকী সেলে রাখা হয়েছে, যা কার্যত নির্যাতনের শামিল।

‘আমার বাবা প্রায় ১০০০ দিন ধরে কারাগারে আছেন,’ বলেন কাসিম। ‘তিনি এমন একটি শাসনের লক্ষ্যবস্তু, যারা ভিন্নমতকে রাজনৈতিক মতপার্থক্য হিসেবে নয়, বরং দমন করার মতো অপরাধ হিসেবে দেখে।’ তিনি আরও জানান, তিন বছরের বেশি সময় ধরে বাবার সঙ্গে তার দেখা হয়নি এবং তাকে এমন একটি সেলে রাখা হয়েছে যা মূলত মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের জন্য তৈরি। ২০২৩ সাল থেকে কারাবন্দি ইমরান খানকে গত বছর দুর্নীতির মামলায় ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় তার স্ত্রীকেও সাজা দেওয়া হয়, যদিও তারা দুজনই অভিযোগ অস্বীকার করেছেন। কাসিম তার বক্তব্যে আরও বলেন, ‘পাকিস্তানে অসহিষ্ণুতা ও নির্যাতনের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে। এটি অবহেলা নয়, বরং পরিকল্পিতভাবে একজন মানুষকে মর্যাদাহীন করার চেষ্টা।’

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা এই কাউন্সিল ও মানবাধিকার দপ্তরের কাছে আহ্বান জানাই- পাকিস্তানকে এই নির্যাতন বন্ধ করতে চাপ দিন এবং সব রাজনৈতিক বন্দির মুক্তি নিশ্চিত করুন।’ এর আগে ফেব্রুয়ারিতে ইমরান খানের কারাবন্দি অবস্থার প্রতিবাদে ক্রিকেট বিশ্ব থেকেও বিরল সংহতি দেখা যায়। সুনীল গাভাস্কার ও কপিল দেবসহ ১৪ জন সাবেক ক্রিকেটার পাকিস্তান সরকারের কাছে তার “ন্যায্য ও মানবিক আচরণ” নিশ্চিত করার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। এর আগে ১৯৯২ সালে তার নেতৃত্বেই পাকিস্তান প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ জেতে।