মালয়েশিয়ায় অভিবাসীদের জন্য কড়াকড়ি, দক্ষ জনশক্তি হারানোর শঙ্কা
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
মালয়েশিয়াকে এক দশক ধরে নিজের ঘরবাড়ি মনে করে আসছেন ভারতীয় ব্যবসায়িক পরামর্শক সঞ্জিত। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির জলবায়ু, মানুষ এবং জীবনযাত্রার সঙ্গে তিনি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছেন। কিন্তু দেশটির সরকারের সাম্প্রতিক এক সিদ্ধান্ত সঞ্জিতসহ হাজার হাজার বিদেশি কর্মীর ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরতা কমাতে মালয়েশিয়া সরকার অভিবাসন আইনে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে। আগামী জুন মাস থেকে বিদেশি কর্মীদের ভিসা পাওয়ার জন্য ন্যূনতম বেতনের সীমা প্রায় দ্বিগুণ করা হচ্ছে। একই সঙ্গে তাদের অবস্থানের মেয়াদও ৫ থেকে ১০ বছরের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, কর্মসংস্থান পাসের (এমপ্লয়মেন্ট পাস) তিনটি ক্যাটাগরিতেই বেতনের ন্যূনতম সীমা বাড়ানো হয়েছে। প্রথম ক্যাটাগরিতে মাসিক বেতন ১০ হাজার রিঙ্গিত থেকে বাড়িয়ে ২০ হাজার রিঙ্গিত (৫ হাজার মার্কিন ডলার) করা হয়েছে। দ্বিতীয় ক্যাটাগরিতে ৫ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার রিঙ্গিত এবং তৃতীয় ক্যাটাগরিতে ৩ হাজার থেকে বাড়িয়ে ৫ হাজার রিঙ্গিত করা হয়েছে। এই আকস্মিক সিদ্ধান্তে অবাক হয়েছেন ২৮ বছর বয়সি ব্রিটিশ সম্পদ ব্যবস্থাপক থমাস মিড। তিনি কুয়ালালামপুরে স্থায়ী হওয়ার জন্য সম্পত্তিও কিনেছেন। মিড বলেন, আগেও নিয়ম ছিল, কিন্তু ১০ হাজার থেকে এক লাফে ২০ হাজার রিঙ্গিত করার বিষয়টি সত্যিই বড় ধাক্কা।
১৯৬০-এর দশকে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম উন্নত অর্থনীতিতে পরিণত হয়। বর্তমানে দেশটিতে ২১ লাখ নিবন্ধিত বিদেশি কর্মী রয়েছে, যাদের বেশিরভাগই সাধারণ শ্রমিক হিসেবে কাজ করেন। তবে উচ্চবেতনের বিশেষজ্ঞ কর্মীর সংখ্যা প্রায় ১ লাখ ৪০ হাজার। ২০২৫ সালে প্রকাশিত ১৩তম মালয়েশিয়া পরিকল্পনায় সরকার সতর্ক করেছে যে, স্বল্প দক্ষ বিদেশি কর্মীদের ওপর নির্ভরতা প্রযুক্তির প্রসারে বাধা দিচ্ছে। সরকারের লক্ষ্য হলো ২০৩৪ সালের মধ্যে মোট শ্রমশক্তিতে বিদেশি কর্মীদের অনুপাত ১৪.১ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনা।
