ইরানের পক্ষ নিল হুথি
অন্য দেশ যুক্তরাষ্ট্রের পক্ষ নিলে অস্ত্র হাতে সরাসরি যুদ্ধের হুমকি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ইরান বনাম মার্কিন-ইসরায়েলের যুদ্ধে যৌথ বাহিনীর সঙ্গে অন্য কোনো পক্ষ যুক্ত হলে অস্ত্র হাতে সম্মুখ যুদ্ধের হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। অন্য দেশ যৌথ বাহিনীর হয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও প্রতিরোধ অক্ষের বিরুদ্ধে অভিযান চালালে তারা সরাসরি সামরিক হস্তক্ষেপের জন্য প্রস্তুত বলে জানিয়েছে।
গতকাল শনিবার ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, আমাদের ধর্মীয় ও নৈতিক দায়িত্বের ভিত্তিতে, মার্কিন ও ইসরায়েলি শত্রু পক্ষ ইরান এবং আমাদের পুরো ইসলামী জাতিকে লক্ষ্য করছে যে নির্মম আগ্রাসন চালাচ্ছে, তা রুখতে আমরা সক্রিয় অবস্থানে আছি। তাদের এই আগ্রাসনের লক্ষ্য, ইসরায়েলকে সম্প্রসারিত করে ‘গ্রেটার ইসরায়েল’ প্রতিষ্ঠা এবং ‘মধ্যপ্রাচ্য পরিবর্তন’ করা।
