পদত্যাগ করলেন মিয়ানমারের সামরিক বাহিনী প্রধান

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের পার্লামেন্টের আসন্ন এক ভোটে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য দেশটির সামরিক বাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিন অঙ হ্লাইং পদত্যাগ করেছেন।

২০২১ সালে এক সামরিক অভ্যুত্থানে অঙ সান সুচির নেতৃত্বাধীন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলে নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল হ্লাইং। তারপর থেকে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে অভ্যুত্থানের পর থেকে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সামরিক কর্তৃত্বের অধীনে হওয়া এ নির্বাচনে সামরিক বাহিনীর সমর্থিত একটি দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

রয়টার্স জানিয়েছে, বর্তমানে ৬৯ বছর বয়সী হ্লাইং ২০১১ সাল থেকে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন। সোমবার মিয়ানমারের রাজধানী নেপিদোতে এক অনুষ্ঠানে জেনারেল হ্লাইং সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফের পদটি অভিজ্ঞ কর্মকর্তা জেনারেল ইয়ে উইন উ-য়ের কাছে হস্তান্তর করেন। উইন উ ২০২০ সালে মিয়ানমারের গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ পান। এরপর চলতি মাসের ৪ তারিখে তিনি দেশটির সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ হিসেবে পদোন্নতি লাভ করেন।

বিশ্লেষকরা জেনারেল উইন উ-কে সদ্য অবসরে যাওয়া সিনিয়র জেনারেল হ্লাইংয়ের অত্যন্ত আস্থাভাজন একজন কর্মকর্তা হিসেবে বিবেচনা করেন। একইদিন মিয়ানমারের নবনির্বাচিত পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশনে আইনপ্রণেতারা দুজন ভাইস-প্রেসিডেন্ট প্রার্থীর নাম প্রস্তাব করেন; এদের একজন জেনারেল হ্লাইং। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের সরাসরি সম্প্রচার থেকে দেখা গেছে, সামরিক বাহিনী সমর্থিত সংখ্যাগরিষ্ঠ দলের আইনপ্রণেতা কিউ কিউ হতেই পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশনে বলছেন, ‘সিনিয়র জেনারেল মিন অঙ হ্লাইংকে ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।’