ইরান ইস্যুতে ট্রাম্পকে কড়া বার্তা ম্যাক্রোঁর

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইরান যুদ্ধ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার অবস্থান বদলের তীব্র সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, গুরুতর বিষয়ে প্রতিদিন ভিন্ন ভিন্ন বক্তব্য দেওয়া দায়িত্বশীল নেতৃত্বের পরিচয় নয়। গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া সফরে ম্যাক্রোঁ বলেন, ‘আপনাকে সিরিয়াস হতে হবে। যদি আপনি সত্যিই সিরিয়াস হতে চান, তাহলে আগের দিন যা বলেছেন তার ঠিক উল্টোটা পরদিন বলা যায় না। আর সম্ভবত প্রতিদিন কথা বলাও উচিত নয়।’ মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে ট্রাম্পের পরস্পরবিরোধী বক্তব্য পরিস্থিতিকে বিভ্রান্তিকর করে তুলছে বলেও মন্তব্য করেন ম্যাক্রোঁ। তিনি আরও অভিযোগ করেন, ট্রাম্পের বক্তব্য ও অবস্থান ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে প্রতিদিনই নতুন সন্দেহ তৈরি করছে।

ম্যাক্রোঁ বলেন, ‘আপনি যদি প্রতিদিন আপনার অঙ্গীকার নিয়ে সন্দেহ তৈরি করেন, তাহলে সেটির গুরুত্ব হারিয়ে যায়।’ তিনি আরও বলেন, বর্তমানে তার অতিরিক্ত কথাবার্তা নানা দিকে ছড়িয়ে যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। অন্যদিকে, ট্রাম্প জানিয়েছেন, ইরানে সামরিক পদক্ষেপে মিত্রদের সমর্থন না পাওয়ায় যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে প্রত্যাহারের বিষয়টি তিনি গুরুত্বসহকারে বিবেচনা করছেন। তিনি জোটটিকে ‘কাগুজে বাঘ’ বলেও আখ্যা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রকে এই প্রতিরক্ষা জোট থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি এখন ‘পুনর্বিবেচনারও বাইরে’ চলে গেছে। ট্রাম্প আরও দাবি করেন, ন্যাটোর কার্যকারিতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে তার দীর্ঘদিনের সন্দেহ রয়েছে।