কাঁধ থেকে ছোড়া মিসাইলে বিমান ভূপাতিত করে ইরান
* ইরানি সেনারা কাঁধ থেকে ছোড়া মিসাইলে যুদ্ধবিমানটি মাটিতে নামিয়ে নিয়ে আসে
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গত সোমবার জানিয়েছেন, ইরানি সেনারা কাঁধ থেকে ছোড়া মিসাইলে যুদ্ধবিমানটি মাটিতে নামিয়ে আনে।
তিনি বলেন, ‘এটি ছিল একটি কাঁধের, হাতে ধরার কাঁধের মিসাইল, হিট সিকিং মিসাইল। আপনারা ভাগ্যবান, কিন্তু তারা বিমানটিতে শ্যুট করে। আর মিসাইলটি বিমানের ঠিক ইঞ্জিনে আঘাত হানে।’ প্রথমবারের মতো প্রতিপক্ষের আঘাতে মার্কিনিদের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর পাইলট ও সঙ্গে থাকা অন্য ক্রুকে উদ্ধারে ব্যাপক উদ্ধার অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। কিন্তু এই উদ্ধার অভিযান একদমই মসৃণ ছিল না। ওই বিমানের ক্রুদের উদ্ধার করতে গিয়ে মার্কিনিরা একটি এ-১০ যুদ্ধবিমান, দুটি এমসি-১৩০জে হারকিউলিস পরিবহন বিমান এবং অন্তত একটি হেলিকপ্টার হারায়। সংবাদমাধ্যম সিএনএন বলেছে, মাত্র কয়েক হাজার ডলার মূল্যের একটি মিসাইলের মাধ্যমে সবমিলিয়ে যুক্তরাষ্ট্রের কয়েকশ মিলিয়ন ডলারের একাধিক বিমান ধ্বংস করে দিতে সমর্থ হয়েছে ইরানিরা। কাঁধ থেকে ছোড়া এসব মিসাইলকে ‘ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম’ বা ম্যানপ্যাডস বলা হয়। ইরানের কাছে বিভিন্ন ধরনের ম্যানপ্যাডস আছে। যার মধ্যে রয়েছে সোভিয়েত আমলের স্ট্রেলা মিসাইল, রুশ ইগলা মিসাইল এবং ইরানিদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাঘ মিসাইল। তবে ঠিক কোন মিসাইলটি মার্কিনিদের এফ-১৫ ভূপাতিত করেছে সেটি নিশ্চিত নয়। ম্যানপ্যাডের লঞ্চ টিউব লম্বায় চার থেকে সাড়ে ছয় ফুট লম্বা হয়। আর এগুলোর ওজন হয় ১২ থেকে ২৫ কেজি।
