বরখাস্ত হলেন নেপালের শ্রমমন্ত্রী
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জঅতিক ডেস্ক

নেপালের শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী দীপক কুমার শাহকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) সুপারিশের ভিত্তিতে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এই সিদ্ধান্ত গ্রহণ করেন। আরএসপি চেয়ারম্যান রবি লামিছানে দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিশনের প্রতিবেদনের ওপর ভিত্তি করে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে এই পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।মন্ত্রী দীপক কুমার শাহ ক্ষমতার অপব্যবহার করেছেন বলে কমিশনের তদন্তে উঠে এসেছে।
অভিযোগ রয়েছে, তিনি তার স্ত্রী জুনু শ্রেষ্ঠাকে স্বাস্থ্য বীমা বোর্ডের সদস্য হিসেবে বহাল রাখার জন্য নিজের দাপ্তরিক প্রভাব খাটিয়েছেন, যেখানে ওই পদটি দীর্ঘ সময় ধরে কার্যত নিষ্ক্রিয় ছিল। এই কর্মকাণ্ড দলের নীতি, আদর্শ ও ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ন করেছে বলে মনে করছে দলটি। দলের গঠনতন্ত্রের ২৫ (৪) (ক) এবং ৬৯ নম্বর ধারার অধীনে অর্পিত ক্ষমতা প্রয়োগ করে আরএসপি তার এই কর্মকাণ্ডের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করে। প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে যে দলের সুপারিশ অনুযায়ী দীপক কুমার শাহকে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে দলীয় শৃঙ্খলা ও এই গুরুত্বপূর্ণ বিষয়টি গুরুত্বের সাথে না দেখার অভিযোগে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রী নিশা মেহতাকে সতর্কবার্তা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস ও গবেষণা উপদেষ্টা দীপা দাহাল এ বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত দলের স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে নেপালের বর্তমান সরকার এই কঠোর সিদ্ধান্ত নিল।
