তেল শোধনাগার পুনরায় চালুর উদ্যোগ ইরানের

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

হামলায় ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার ও বিতরণ অবকাঠামো দ্রুত মেরামতের কাজ শুরু করেছে ইরান। আগামী দুই মাসের মধ্যে এসব স্থাপনার ৭০ থেকে ৮০ শতাংশ সক্ষমতা ফিরিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির উপ-তেলমন্ত্রী মোহাম্মদ সাদেক আজিমিফার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। ইরানি সংবাদ সংস্থা এসএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে আজিমফার বলেন, দেশের বিভিন্ন প্রান্তে থাকা তেল শোধনাগার, ট্রান্সমিশন লাইন, তেলের ডিপো এবং বিমান জ্বালানি সরবরাহ স্থাপনাগুলো বারবার হামলার শিকার হয়েছে। উপ-মন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো থেকে ধ্বংসস্তূপ সরানো এবং নষ্ট হওয়া যন্ত্রপাতি প্রতিস্থাপনের জন্য ইতিমধ্যে বিশেষজ্ঞ দল মোতায়েন করা হয়েছে। বিশেষ করে লাভান দ্বীপের শোধনাগারটি দ্রুত সচল করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী ১০ দিনের মধ্যে ওই শোধনাগারের আংশিক কার্যক্রম পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।