নেতানিয়াহু-এরদোয়ান পাল্টাপাল্টি হুঁশিয়ারি
গাজা ও সিরিয়া নিয়ে উত্তাপ
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
গাজা যুদ্ধ ও সিরিয়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ইসরায়েল ও তুরস্কের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। চলতি সপ্তাহে দুই দেশের শীর্ষ নেতারা একে অপরের বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণাত্মক মন্তব্য ও গুরুতর অভিযোগ তুলেছেন। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে। এক সময়ের কৌশলগত অংশীদার হওয়া সত্ত্বেও গত এক দশকে গাজা ও ফিলিস্তিন ইস্যুতে দুই দেশের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটেছে। বর্তমানে তুরস্ক দক্ষিণ আফ্রিকা ও মালয়েশিয়াসহ আট দেশের একটি জোটকে সমর্থন দিচ্ছে, যার লক্ষ্য আন্তর্জাতিক আইনে ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের বিরুদ্ধে ‘নিজ দেশের কুর্দি নাগরিকদের ওপর গণহত্যা’ এবং ‘ইরানের সন্ত্রাসী শাসন ও তাদের প্রক্সিদের মদত দেওয়ার’ অভিযোগ তুলেছেন। সাম্প্রতিক মাসগুলোতে আঙ্কারার সঙ্গে গ্রিস ও সাইপ্রাসের ঘনিষ্ঠতা বাড়ায় নেতানিয়াহুর তুরস্কবিরোধী সুর আরও কড়া হয়েছে। তুরস্ক এই অভিযোগের কঠোর জবাব দিয়েছে। তুর্কি কর্মকর্তারা নেতানিয়াহুকে ‘এই যুগের হিটলার’ হিসেবে অভিহিত করেছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘নেতানিয়াহুর বর্তমান উদ্দেশ্য হলো চলমান শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করা এবং অঞ্চলে তার সম্প্রসারণবাদী নীতি অব্যাহত রাখা। এটি করতে ব্যর্থ হলে নিজ দেশেই তাকে বিচারের মুখোমুখি হতে হবে এবং কারাগারে যেতে হবে।’
বিবৃতিতে আরও মনে করিয়ে দেওয়া হয় যে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এ ছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েল গণহত্যার অভিযোগের মুখোমুখি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাৎজও এরদোয়ানকে ‘মুসলিম ব্রাদারহুডপন্থি’ ও ‘কুর্দিদের গণহত্যাকারী’ বলে আক্রমণ করেছেন। কাৎজ আরও বলেন, এরদোয়ান একজন ‘কাগুজে বাঘ’ যিনি তুর্কি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কোনও জবাব দেননি।
