জাপানে ৮০ সেন্টিমিটার উচ্চতার সুনামির আঘাত

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

উত্তর জাপানে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ৮০ সেন্টিমিটারের (প্রায় ৩১.৫ ইঞ্চি) একটি সুনামি ঢেউ দেশটির ইওয়াতে প্রদেশের কুজি বন্দরে আঘাত হেনেছে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ)। জেএমএ-এর বরাতে জাপানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, স্থানীয় সময় গতকাল সোমবার বিকাল ৫টা ৩৪ মিনিটে ঢেউটি কুজি বন্দরে আঘাত হানে। একই সময়ে ইওয়াতে প্রদেশের মিয়াকো বন্দর, হোক্কাইডোর উরাকাওয়া শহর এবং আওমোরি প্রদেশের হাচিনোহে বন্দরে ৪০ সেন্টিমিটারের সুনামি আঘাত হেনেছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে জেএমএ কর্মকর্তারা বলেছেন, দ্বিতীয় ও তৃতীয় ঢেউ প্রথমটির চেয়েও বেশি শক্তিশালী হতে পারে। তারা সুনামি সতর্কতা পাওয়া বাসিন্দাদের সতর্কতা প্রত্যাহার না হওয়া পর্যন্ত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সতর্কতা প্রত্যাহার না করা পর্যন্ত নিরাপদে থাকার আহ্বান জানিয়ে তারা বলেছে, ‘উপকূলীয় এবং নদী তীরবর্তী এলাকাগুলো থেকে দ্রুত নিরাপদ স্থানে সরে যান, যেমন—কোনো উঁচু ভূমি অথবা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিন’। এছাড়াও আগামী কয়েকদিনে, সর্বোচ্চ ৫ মাত্রার ভূমিকম্পের ব্যাপারে সতর্ক থাকতেও জাপানের জনগণকে পরামর্শ দিয়েছে জেএমএ। এর আগে সেমাবার স্থানীয় সময় ৪টা ৫৩ মিনিটে দেশটির উত্তরাঞ্চলের সানকিরু উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এটি সমুদ্রের তলদেশের ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। ভূমিকম্পটি এতটাই শক্তিশালী যে এটি কয়েকশ কিলোমিটার দূরে রাজধানী টোকিওতেও অনুভূত হয়েছে। ভূমিকম্পের কারণে সেখানকার ওনাগাওয়া পারমাণবিক প্ল্যান্টে কোনো অস্বাভাবিকতা পরিলক্ষিত হচ্ছে কি না সেটি পরীক্ষা করা হচ্ছে।