পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনে ভোট দিলেন ৯০ শতাংশ ভোটার

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার প্রথম ধাপের নির্বাচনে ৯০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার থেকে ভোটগ্রহণ শুরু হয়। দেশটির নির্বাচন কমিশন এক বিবৃতিতে বলেছে, বিকাল ৫টা পর্যন্ত ৮৯ দশমিক ৯৩ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। যারমধ্যে সবচেয়ে বেশি ভোট কাস্ট হয়েছে দক্ষিণ দিনাজপুরে। সেখানকার ৯৩ দশমিক ১২ ভোটার ভোট দিয়েছেন। পশ্চিমবঙ্গের এবারের বিধানসভার নির্বাচন দুই ধাপে হচ্ছে। রাজ্যটির ২৯৪টি আসনের মধ্যে গতকাল ভোট হচ্ছে ১৫২টি আসনে। যারমধ্যে ৮০টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে ধারণা করা হচ্ছে। এগুলোতে ভোটার আছেন সাড়ে তিন কোটিরও বেশি। দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২৯ এপ্রিল। কিন্তু ওইদিনই ফলাফল ঘোষণা করা হবে না। রাজ্যটিতে আগামী পাঁচ বছরের জন্য কে ক্ষমতায় আসবে সেটি জানা যাবে ৪ মে। পশ্চিমবঙ্গে সর্বশেষ ২০২১ সালে নির্বাচন হয়। সেবার মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ২৯৪টি আসনের ২১৫টিতে একাই জয় পেয়েছিল।