প্রচারের শেষ দিনে সরগরম পশ্চিমবঙ্গ
মাঠে মোদি, অমিত শাহ ও কেজরিওয়াল
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। গতকাল সোমবার ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনি প্রচারণায় ঝড় তুলেছে।
শেষ বেলায় তৃণমূলের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলেছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং বিহারের সাবেক উপমুখ্যমন্ত্রী ও বর্তমান বিরোধী দলনেতা তেজস্বী যাদব। এছাড়াও শেষ বেলায় তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে নেমেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, মমতার ভাতিজা এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী, টলিউড অভিনেতা দীপক অধিকারী (দেব), টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল, বিহারের সাবেক উপ-মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব, বলিউড অভিনেত্রী মান্দাকিনী, হাওড়ার তৃণমূল প্রার্থী ডাক্তার রানা চ্যাটার্জী রোড সমর্থনে রোড শোতে ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। শেষ বেলায় প্রচারে পিছিয়ে নেই বিজেপিও। বিজেপি প্রার্থীর সমর্থনে রাজ্যে নির্বাচনি প্রচারণায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী, ভোজপুরি সিনেমার অভিনেতা ও বিজেপি সাংসদ রবি কিষান, ভোজপুরি অভিনেতা মনোজ তিওয়ারি, স্মৃতি ইরানি, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজস্থানের মুখ্যমন্ত্রী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীসহ আরও অনেকে। ভোটের প্রচারের শেষ দিনেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার জগদ্দলে জনসভা করবেন। প্রথম দফার নির্বাচনে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে। ফলে দ্বিতীয় দফা অর্থাৎ শেষ দফার ভোটে কত শতাংশ ভোট পড়ে তা-ই দেখার অপেক্ষা। আগামী ২৯ এপ্রিল শেষ দফার ভোট থাকলেও তার আগেই ভোটের শেষ তারকাদের প্রচারণা নির্বাচনে উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।
